ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের জামিনের সব কাগজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত হাতে পায়নি কারা কর্তৃপক্ষ।
কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশনার সব কাগজ হাতে পেলে সেগুলো যাচাইয়ের পর তারেক রহমানকে মুক্তি দেওয়া হবে।
মেজর ছিদ্দিকী বলেন, "শুনেছি তারেক রহমান সব ক'টি মামলায় জামিন পেয়েছেন। তবে কারা কর্তৃপক্ষের কাছে এখনো সব মামলার জামিনের সব কাগজ পৌঁছেনি। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৭টি মামলায় জামিনের কাগজ আমাদের হাতে এসেছে। এগুলো যাচাই করা হচ্ছে।"
পুরো প্রক্রিয়া শেষ হতে আরো দু'একদিন লাগতে পারে বলে উপ মহাপরিদর্শক জানান।
বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আট সপ্তাহের জন্য তারেককে জামিন দেয়।
জামিনের আদেশের পর তারেকের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলাতেও জামিন পাওয়ায় তারেকের কারামুক্তিতে এখন আর কোন বাধা নেই।
তবে তারেকের আরেক আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তারেকের মালিকানাধীন জাহাজে ধাক্কা লেগে গরু মারা যাওয়ার ঘটনায় আরেকটি মামলা রয়েছে।
তিনি বলেন, "গরু মরার মামলা তেমন জোরালো নয়। ওই মামলায় তারেকের বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট রয়েছে। তবে আদালতের আদেশ পেলেই তিনি মুক্তি পাবেন।"
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে। বর্তামানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24