বগুড়া, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক আহলে হাদীস আন্দোলনের আমির ড. আসাদুল্লাহ্ আল গালিব বৃহস্পতিবার বিকেলে বগুড়া কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বগুড়ার জেল সুপার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, উত্তরাঞ্চলের একাধিক জেলায় বিচারাধীন পাঁচটি মামলার চারটিতেই এর আগে জামিন পেয়েছেন গালিব। সর্বশেষ বগুড়ায় একটি বোমাবাজি মামলায় গত ২৫ আগস্ট তিনি জামিন পান।
তবে ঢাকার একটি মামলার সমন বাতিলের নথিপত্র কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় তার মুক্তি বিলম্বিত হয়।
তিনি বলেন, জামিনের সব কাগজপত্র পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
২০০৪ সালের ১৪ জানুয়ারি বগুড়ায় শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে নাট্যমঞ্চে বোমা হামলা চালিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত নারায়ণগঞ্জের বাসিন্দা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য শফিকুল্লাহ্ আদালতে দেওয়া জবাবন্দিতে জঙ্গি তৎপরতায় গালিবের জড়িত থাকার কথা জানান।
তদন্ত শেষে পুলিশ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে জেএমবির তৎকালীন প্রধান শায়খ আব্দুর রহমান (ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর), জেএমবি সদস্য শফিকুল্লাহ, তার আশ্রয়দাতা জয়নাল ও গালিবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আহলে হাদীস আন্দোলনের রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম জানান, জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগে প্রায় সাড়ে ৩ বছর আগে ২০০৫ সালের ২২ ফেব্র"য়ারি গালিবকে রাজশাহী থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
গালিবের বিরুদ্ধেনওগাঁর রাণীনগরের কথিত সর্বহারা নেতা খেজুর আলী হত্যা, নওগাঁর পোরশায় বিস্ফোরক আইনে, গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রামঞ্চে হামলা, মহিমাগঞ্জে ব্র্যাক ব্যাংকে ডাকাতি, গোপালগঞ্জে ডাকাতি, সিরাজগঞ্জে চুরি, ঢাকায় একটি সিভিল মামলা ও জয়পুরহাটে একটিসহ ১০টি মামলা করা হয়।
এর মধ্যে চারটিতে অভিযোগের প্রমাণ না পাওয়া চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অপর একটি মামলায় গালিব খালাস পান। বাকি যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল তার সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন।
মুক্তি পাওয়ার পর গালিবের প্রতিক্রিয়া জানতে চাইলে আহলে হাদীসের নেতা-কর্মীরা সাংবাদিকদের জানান, তিনি অসুস্থ।
মাওলানা শামসুল আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "আমরা রাজনৈতিক আক্রোশের শিকার। দেরিতে হলেও গালিব জামিন এবং কিছু মামলা থেকে অব্যাহতি পাওয়ায় আমরা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল।"
গালিবের আইনজীবী এএইচএম গোলাম রব্বানী খান রোমান বলেন, "কোন সাক্ষীই তার নাম উচ্চারণ করেনি। কিংবা তাকে চেনে একথাও বলেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.
bdnews24