ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নিবন্ধন বিষয়ে ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে আরেক দফা আলোচনায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ আলোচনা চলবে।
এদিকে ইতোপূর্বে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সঙ্গে ৪ সেপ্টেম্বর পৃথক বৈঠক হবে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় নিবন্ধন আলোচনার জন্য ইসির প্রস্তাবিত সময়সূচি ঘোষণা করা হয়।
ইসি সচিবালয়ের উপ সচিব (আইন) একে এম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ১৬টি রাজনৈতিক দলের মহাসচিব বরাবর বিশেষ পত্রবাহক মারফত নিবন্ধন বিষয়ে আলোচনার জন্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে বেলা তিনটা পর্যন্ত চারটি দলের সঙ্গে পৃথকভাবে ঘন্টাব্যাপী আলোচনা চলবে।
এদিকে সিইসি এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানান, নিবন্ধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর উল্লেখ করা সমস্যাগুলো নিয়ে সহযোগিতা করতেই তারা আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।
সিইসি বলেন, নির্বাচনী আইন বিষয়ে যেসব দলের সঙ্গে সংলাপ হয়েছে এবারও তাদের আমন্ত্রণ জানানো হবে। এ আলোচনায় নিবন্ধন ছাড়াও অন্য বিষয়ে আলোচনা করতে চাইলে দলগুলো তা করতে পারে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন নিবন্ধন শর্ত পূরণ করতে পারে এমন রাজনৈতিক দলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের ফেব্র"য়ারি পর্যন্ত দু'দফা সংলাপে বসে। তবে বিভক্তির শিকার অন্যতম প্রধান দল বিএনপি'র 'সংস্কারপন্থী' পক্ষের মহাসচিবকে সংলাপে আমন্ত্রণ করায় আইনি জটিলতায় এপ্রিলে দলটির সঙ্গে এক দফা সংলাপ হয় ইসির।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ''আইনি সংস্কার বিষয়ে সংলাপে বিএনপির সংস্কারপন্থী মেজর হাফিজউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো হলেও এবার চেয়ারপার্সন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ারকে আমন্ত্রণ জানানো হবে।''
শামসুল হুদা বলেন, "আগে এক ক্রাইটেরিয়ায় মেজর হাফিজকে চিঠি দেওয়া হয়েছে। এখন কোনো ক্রাইটেরিয়া লাগছে না। তবে এ পরিস্থিতিতে খোন্দকার দেলোয়ারকে আমন্ত্রণ জানানো সুবিধাজনক বোধ হচ্ছে।"
ইসি ও রাজনৈতিক দলের আলোচনার সময়সূচি :
৬ সেপ্টেম্বর: সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাড়ে ১১ টায় বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), সাড়ে ১২ টায় গণতন্ত্রী পার্টি, ২ টায় জাতীয় পার্টি (জাপা)।
৭ সেপ্টেম্বর: সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সাড়ে ১১ টায় বিকল্প ধারা বাংলাদেশ, সাড়ে ১২ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল
bdnews24