২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু শনিবার

ঢাকায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে শনিবার। বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে অপরাধী প্রত্যার্পণ, অস্ত্র ও মাদক চোরাচালান রোধ এবং বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি বিরোধীদের দমন করা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে শনিবার। বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে অপরাধী প্রত্যার্পণ, অস্ত্র ও মাদক চোরাচালান রোধ এবং বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি বিরোধীদের দমন করা । রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব আবদুল করিম ও ভারতের স্বরাষ্ট্র সচিব মাধুকা গুপ্তা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ১৪ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলটির শুক্রবার বিকেলে ঢাকা আসার কথা রয়েছে। রোববার যৌথ ঘোষণার মাধ্যমে বৈঠক শেষ হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকের খসড়া আলোচ্যসূচির অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে, নারী ও শিশু পাচার নিয়ন্ত্রণ, মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়ন, বাংলাদেশী ছিটমহলে যাতায়াত আরও সহজ করতে তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টার জন্য উন্মুক্ত করা ইত্যাদি। দুদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সীমান্তরক্ষী বাহিনীর দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। নয়াদিল্লী থেকে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বরাষ্ট্র সচিবরা নিরাপত্তাসহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন। নয়াদিল্লীতে আঞ্চলিক জোট বিমস্টেক এর দশম মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা এখন সেখানে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমকে/কিউএইচ/এসএনডি/১৭৫২ঘ.