ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের নিবন্ধন আইন শিথিল করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
বৃহস্পতিবার তার গুলশানের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা 'পিতৃপুরুষ' নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জিল্লুর এ কথা বলেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "সব দল যেন নিবন্ধন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে ধারাগুলো কিছুটা শিথিল করা উচিত বলে আমি মনে করি।"
জিল্লুর রহমান এদিন আবারও বলেছেন সেপ্টেম্বর মাসেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। জিল্লুর বলেন, দলনেত্রীর অনুপস্থিতিতে তারা কোন নির্বাচনে যাবেন না।
জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনা আগামী মাসে (সেপ্টেম্বর) দেশে ফিরবেন। তার উপস্থিতি ছাড়া আওয়ামী লীগ কোন নির্বাচনে অংশ নেবে না।"
এ সময় সাংস্কৃতিক সংগঠন আওয়ামী শিল্পী গোষ্ঠীর কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/১৪৩৮ঘ.
bdnews24