ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বশেষ মামলায় জামিনের পাওয়ার খবর শুনে বৃহস্পতিবার দুপুরে বিছানায় শুয়েই শোকরানা নামাজ আদায় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন তারেক রহমান।
বিশ্ববিদ্যালয়ের আর্থাস্কোপি সার্জারী ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলন তারেককে দেখে এসে দুপুর দেড়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্টের জামিনের আদেশ তারেক সাহেব শুনেছেন। তিনি বিছানায় শুয়ে নামাজ পড়েছেন।"
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর সর্বশেষ বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের মামলা থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আট সাপ্তাহের জামিন দেয়।
ডা. মাজহারুল ইসলাম দোলন বলেন, "মাথায় জখম অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তরল খাবার খাচ্ছেন। তবে মেরুদণ্ড ও কোমড়ের ব্যথা আগের মতোই আছে। তারেক রহমানের শরীর বেশ দুর্বল।"
গত ৩১ জানুয়ারি তারেককে এ হাসপাতালের ভর্তি করা হয়। মাজহারুল ইসলাম জানান, ওই সময়ে তার ওজন ছিল ৬৭ কেজি। বর্তমানে তা কমে ৫৪ কেজিতে দাঁড়িয়েছে।
২০০৭ সালের ৮ মার্চ সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথ বাহিনীর সদস্যরা তারেক রহমানকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৪২৮ ঘ.
bdnews24