ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে বিচারাধীন ১৩টি মামলার সর্বশেষটিতেও জামিন পেয়েছেন তিনি।
বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের এ মামলাতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আট সপ্তাহের জন্য জামিন দিয়েছে তাকে। এই আদেশের ফলে তারেকের জামিন পেতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ ও অমিত তালুকদার।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যগত কারণে তার জামিন মঞ্জুর করেন।
সুপ্রিম কোর্টের আদেশের পর তারেকের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্যগত কারণে তারেক রহমানকে আট সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। তারেকের বিরুদ্ধে আনীত সর্বশেষ মামলাটিতে তারেক জামিন পাওয়ায় তার কারামুক্তিতে এখন আর কোন বাধা নেই।"
এর আগে তারেকের আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার রফিকুল হক বলেন, "স্বাস্থ্যগত কারণে এর আগেও সিগমা হুদা ও মোহাম্মদ নাসিমকে জামিন দিয়েছিল সর্বোচ্চ আদালত। তারেকের ক্ষেত্রেও মেডিকেল বোর্ডের প্রতিবেদন রয়েছে- তারেক গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুপারিশও করেছে মেডিকেল বোর্ড। তাই তার জীবন রক্ষার জন্য জামিন প্রয়োজন।"
তিনি আরো বলেন, "সব মামলায় তারেক জামিন পেয়েছেন। এই একটি জামিন পেলেই তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।"
আদালত বলেন, তারেক যে আবেদন করেছে তা সঠিকভাবে করা হয়নি। আবেদনটি সংশোধন করে আনার জন্য তারেকের আইনজীবীকে আদালত মৌখিক নির্দেশ দেন। এরপর তারেকের আইনজীবীরা আবেদনটি সংশোধন করে নিয়ে এলে সুপ্রিম কোর্ট তারেকের জামিন মঞ্জুর করে।
তারেক রহমানের বিরুদ্ধে ১৩টি মামলা বিচারাধীন। বুধবার তিনটি চাঁদাবাজির মামলা, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ মোট ৫টি মামলা থেকে জামিন পান তিনি। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট অর্থ আত্মসাতের মামলা, ব্যবসায়ী আমিন উদ্দিনের চাঁদাবাজির মামলা ও আরো চারটি চাঁদাবাজির মামলা থেকে জামিন পেয়েছিলেন। দৈনিক দিনকালের পরিচালক সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তি হওয়ায় ওই মামলাটি এখন আর সক্রিয় নেই।
ব্যারিস্টার রফিকুল হককে সহায়তা করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নওশাদ জমির ও নাসির উদ্দিন অসীম।
২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বিরকে হত্যা করা হয়। হত্যার তিন দিন পর ৭ জুন গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
গত ৬ মে দুর্নীতি দমন কমিশন সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহানের সংশ্লিষ্টতা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আট জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএম/এএল/জিএনএ/১৪১৩ ঘ.
bdnews24