২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেতে তারেকের সামনে বাধা আর দুটি মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত দায়ের হওয়া ১৩টি মামলার মধ্যে ১১টিতেই জামিন পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত দায়ের হওয়া ১৩টি মামলার মধ্যে ১১টিতেই জামিন পেয়েছেন তিনি। তারেকের আইনজীবীরা বলছেন, সাব্বির হত্যা ধামাচাপা দিতে ঘুষ নেওয়ার মামলাটিতে বৃহস্পতিবার তার জামিন আবেদন শুনবে আপিল বিভাগ। অন্য আরেকটি মামলায় তার বিরুদ্ধে হেফাজতি পরোয়ানা (কাস্টডি ওয়ারেন্ট) রয়েছে। প্রথম মামলায় জামিন এবং পরেরটিতে আদালতের আদেশ পেলে তারেকের মুক্তিতে আর কোনো বাধা থাকবে না। চাঁদাবাজির তিনটি, আয়কর ফাঁকির একটি ও অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় তারেক রহমানকে বুধবার ছয় মাসের জমিন দেয় বিচারপতি শরীফউদ্দিন চাকলদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ। একই বেঞ্চ সাব্বির হত্যা ধামাচাপা দিতে ঘুষের মামলায় তারেকের বিরুদ্ধে কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে দেয়। এ মামলায় তারেকের জামিনের আবেদনের ওপর বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। তারেক রহমানের প্রধান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় জামিন পেলেই তার মক্কেল মুক্তি পাবেন। তবে তারেকের আরেক আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে মোট ১৪টি মামলা করা হয়েছিল। এর মধ্যে দিনকাল সংক্রান্ত মামলাটি এখন আর নেই। বাকি ১৩টি মামলার ১১টিতে তিনি জামিন পেয়েছেন।" অসীম জানান, সাব্বির হত্যা ধামাচাপা দেওয়া মামলা ছাড়াও তারেকের মালিকানাধীন জাহাজে ধাক্কা লেগে গরু মারা যাওয়ার ঘটনায় দায়ের একটি মামলা রয়েছে। তিনি বলেন, "গরু মরার মামলা তেমন জোরালো নয়। ওই মামলায় তারেকের বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট রয়েছে। এ কারণে সাব্বির হত্যা ধামাচাপা মামলায় জামিন ও পরেরটিতে আদালতের আদেশ পেলেই তিনি মুক্তি পাবেন।" আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে। বর্তামানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জেকে/এমএইচবি/২২২৮ ঘ.