২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইসির সিদ্ধান্ত সেপ্টেম্বরে: ফ্রয়েন

জরুরি অবস্থা কতোটা শিথিল করা হবে তা পর্যবেক্ষণের পর সেপ্টেম্বরের শেষভাগে ইউরোপীয় কমিশন (ইসি) বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা কতোটা শিথিল করা হবে তা পর্যবেক্ষণের পর সেপ্টেম্বরের শেষভাগে ইউরোপীয় কমিশন (ইসি) বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইউরোপীয় কমিশন রাষ্ট্রদূত স্টিফেন ফ্রয়েন বুধবার একথা জানিয়েছেন। বুধবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকদের এক বৈঠকের পর ফ্রয়েন সাংবাদিকদের এ কথা জানান। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে আগামী সংসদ নির্বাচনের অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় কূটনীতিকদের অবহিত করা হয়। এ সময় স্টিফেন ফ্রয়েন জরুরি অবস্থা প্রত্যাহার বা শিথিলের বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। ইফতেখার আহমদ বলেন, "ইউরোপীয় ইউনিয়ন সাধারণত জরুরি অবস্থার মধ্যে পর্যবেক্ষক পাঠায় না। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে, বাংলাদেশের জরুরি অবস্থা অনেকটাই আলাদা। এ কারণে পর্যবেক্ষক পাঠাতে তাদের বিশেষ অনুমতির প্রয়োজন হতে পারে।" আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। স্টিফেন ফ্রয়েন বলেন, "সাধারণত জরুরি অবস্থার মধ্যে নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠায় না। এখন দেখা যাক, বাংলাদেশে জরুরি অবস্থা কতটুকু শিথিল করা হয়।" সেপ্টেম্বরের শেষভাগে ইউরোপীয় কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। ইতালি, স্পেন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূতসহ ফ্রান্স, যুক্তরাজ্য, সুইডেন, জার্মানি ও ডেনমার্কের কূটনীতিকরা এ বৈঠকে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএ/জেকে/এসকে/২০৪৬ঘ.