২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বহারা-জঙ্গিদের সমূলে উৎপাটন করতে হবে: আইজিপি

সন্ত্রাস দমনে সবার সহযোগিতা চেয়ে আইজিপি নূর মোহাম্মদ বলেছেন, চরমপন্থী ও জঙ্গিদের শুধু দমন নয়, সমূলে উৎপাটন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

রাজশাহী, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস দমনে সবার সহযোগিতা চেয়ে আইজিপি নূর মোহাম্মদ বলেছেন, চরমপন্থী ও জঙ্গিদের শুধু দমন নয়, সমূলে উৎপাটন করতে হবে। বুধবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে 'সন্ত্রাস নির্মূলে গণসচেতনতা' শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাহেরপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বেশ তৎপরতা ছিল। জেএমবির শীর্ষ নেতা বাংলাভাইয়ের আস্তানাও ছিল এখানে। নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টিরও তৎপরতা রয়েছে এ এলাকায়। পুলিশের মহাপরির্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, "আমরা সন্ত্রাসী-চাঁদাবাজ-সর্বহারা-ধর্মীয় জঙ্গিদের অপতৎপরতা শুধু দমন নয়, সমূলে উৎপাটন করতে চাই। সর্বহারা-জঙ্গিদের হত্যা-নির্যাতনের ভয়ঙ্কর স্মৃতি যেন আর ফিরে না আসে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।" পুলিশ প্রধান বলেন, "এ এলাকায় জঙ্গিরা থাকবে না, ওদের বাড়িঘরও থাকবে না, থাকবেন আপনারা। তাদের নির্মূলে সমাজের সব স্তরের মানুষের সাহায্য-সহযোগিতা প্রয়োজন।" জঙ্গি ও চরমপন্থী গোষ্ঠীর টিকে থাকার জন্য স্থানীয়দের অসচেতনতাকে দায়ী করে নূর মোহাম্মদ বলেন, "এ অঞ্চলের মানুষ এখনও সচেতন হয়নি, সাহসী হয়নি এবং প্রতিরোধ করেনি। এলাকার মানুষ সক্রিয়ভাবে সাহায্য-সহযোগিতা না করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালোভাবে কাজ করতে পারে না এবং সন্ত্রাস নির্মূলও সম্ভব হয় না।" ২০০৪ সালে বাংলাভাইয়ের নেতৃত্বে জেএমবির তৎপরতা চালানোর সময় বর্তমান আইজিপি নূর মোহাম্মদ রাজশাহী রেঞ্জের উপ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাহেরপুরের মানুষকে অভয় দিয়ে পুলিশ প্রধান বলেন, "দিনের পর দিন আপনারা সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন, এখন থেকে আর তা করতে হবে না। প্রয়োজনে এ অঞ্চলে পুলিশ ক্যাম্পের সংখ্যা বাড়ানো হবে।" মতবিনিময় সভায় র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, "আজকের সভায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আপনারা জঙ্গিদের অপতৎপরতা সমর্থন করেন না। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালে র‌্যাব এবং পুলিশ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে যে সাফল্য দেখিয়েছে এ অঞ্চলেও আমরা তা দেখাতে চাই।" তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সন্ত্রাস দমন অভিযানে জনগণকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সভায় তাহেরপুর পৌরসভার মেয়র আবু নাইম মো. শামসুর রহমান তাগেরপুরে একটি থানা স্থাপনের দাবি জানান। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের উপ-মহাপরির্শক মোখলেসুর রহমান, রাজশাহীর পুলিশ সুপার সাহাবউদ্দিন খান, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ সরকার প্রমুখ। সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৮ ঘ.