ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে চারদলীয় জোটের মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশি বাধার মুখেও কয়েকটি স্থানে কর্মসূচি পালিত হয়েছে। খুলনা ও কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে জোট নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। (আরও তথ্যসহ-৩)
খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গত ১৪ আগস্ট দুটি কর্মসূচি ঘোষণা করে চারদলীয় জোট।
কিন্তু পুলিশি বাধায় ২১ আগস্ট প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে পারেনি চারদলীয় জোট। বুধবারের মানববন্ধন কর্মসূচির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি জানান, মানববন্ধন কর্মসূচি পালনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চারদলীয় জোটের নেতা-কর্মীরা নগরীর চেম্বার বিল্ডিংয়ের সামনে জড়ো হয়।
মানববন্ধনের জন্য নেতা-কর্মীরা রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়াতে গেলে পুলিশ বাধা দেয় এবং কর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়।
ওই সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক দল নেতা-কর্মী পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকে।
এরপর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, "আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।" তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান।
সমাবেশে জামায়াত নেতা গোলাম পরওয়ার, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহানগর আহ্বায়ক লতিফুর রহমান লাবু, খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেনও বক্তব্য রাখেন।
তবে বিএনপির কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের কোনও সংঘর্ষ হয়নি বলে দাবি করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
জরুরি অবস্থায় মিছিল হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে খুলনা মহানগরীর সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) নেছার উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি অবস্থার মধ্যে মিছিল বের করা বিধিমালার লঙ্ঘন। এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে।"
এদিকে বিএনপির মহানগর কমিটির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্ত্তজার নেতৃত্বে এক দল বিএনপি নেতা-কর্মী নগরীর পিকচার প্যানেস মোড়ে মানববন্ধন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, পুলিশি বাধার মুখে চট্টগ্রামে চারদলীয় জোটের মানববন্ধন কর্মসূচি পালিত হয়নি।
বিকাল ৫টার দিকে নগরীর নাসিমন ভবনে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের চেষ্টা চালালে পুলিশ নেতা-কর্মীদের বাধা দেয়।
একই সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা চেরাগী পাহাড় এলাকায় মানববন্ধনের জন্য জড়ো হলে সেখানেও পুলিশ তাদের হটিয়ে দেয়।
পরে বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা করে চার দল। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক সাংসদ রোজী কবীর, মহানগর বিএনপি নেতা আবদুস সাত্তার, নাজিম উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক আহসান উল
bdnews24