ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেকের আঘাত পাওয়ার খবরে সোমবার আকস্মিক বিক্ষোভ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায়। একপর্যায়ে বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। ঢাকা কলেজের সামনে জ্বালিয়ে দেওয়া মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হন পথচারী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
বাবা ফিরে আসবে- স্নেহের পরশে জড়িয়ে নেবে বুকে; জাহাঙ্গীর আলমের আট বছরের মেয়ে সাথী'র কাছে এখন এটিই একমাত্র চাওয়া। ১০ বছরের সবুজও এখন সব আব্দার ভুলে খুঁজে ফিরছে বাবার হাসিভরা মুখখানি।
পরিবারের সদস্যরা জানান, হাজারো ব্যস্ততায় থাকলেও অন্তত রাতের খাবারটি ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে খেতেন জাহাঙ্গীর। সাথী ও সবুজকে সোমবার রাতে অনেক মিথ্যা বলে কিছু খাওয়ানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার দুপুরে লাশ বাসায় আনার পর তারা জেনে গেছে বাবা আর কখনোই আদর করে রাতের খাবারের সময় কাছে টেনে নেবে না।
দুপুরের পর থেকে রাত অব্দি কিছুই মুখে তোলেনি সাথী ও সবুজ। শোকে পাগলপ্রায় জাহাঙ্গীরের স্ত্রী আয়শা সিদ্দিকা কল্পনা কেবল মিথ্যা সান্ত্বনা দিয়ে যাচ্ছেন তাদের।
বাড়ির কাছের এক কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সবুজ কান্নাভেজা কণ্ঠে জানায়, মাঝেমাঝে বাসায় ফিরতে বেশি দেরি রাগ ভাঙাতে বাবা আনতো চিপস বা চকলেটের প্যাকেট। ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙিয়েই সেগুলো হাতে ধরিয়ে চমকে দিত তাদের।
সোমবার সকালে স্কুলে যাওয়ার সময় বাবার কাছে চিপস কিনে দেওয়ার আব্দার করেছিল সবুজ। হাসিমুখে ছেলের হাতে ১০ টাকা ধরিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে যান জাহাঙ্গীর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মঙ্গলবার বেলা ১টার দিকে জাহাঙ্গীরের লাশ হস্তান্তর করা হয় পরিবারের সদস্যদের কাছে। বড় ভাই ইসমাইল হোসেন লাশ গ্রহণ করেন। এরপর বেলা ২টার দিকে মরদেহ নেওয়া হয় জিগাতলার ৭৭ ঋষিপাড়ার ভাড়া বাসায়।
দীর্ঘ ২৫ বছর ধরে টিনশেড জরাজীর্ণ বাড়ির ছোট্ট তিনটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন জাহাঙ্গীর। ঢাকা কলেজের বিপরীতে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর মহল্লার সবার কাছে সৎ হিসেবে পরিচিত ছিলেন।
ছোট ভাই আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার সময় আমার ভাইয়ের সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা জানিয়েছে, আহত হওয়ার পর পুলিশ তাকে উদ্ধারের তৎপরতায় চালায়নি। ১০ থেকে ১৫ মিনিট রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর একটি সিএনজিতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সাথে সাথেই পুলিশের গাড়িতে হাসপাতালে নেওয়া হলে ভাইকে হয়ত বাঁচানো যেত।"
ঘটনার সময় জাহাঙ্গীরের সঙ্গে থাকা কাপড় ব্যবসায়ী সানাউল্লাহ শানু বলেন, "রিক্সা থেইকা নাইমা রাস্তা পার হওয়ার সময় হডাৎ চিৎকার শুইনা পেছনে চাইয়া দেহি জাহাঙ্গীরে বুক ধইরা মাটিতে শুইয়া পড়ছে। ওর গলায় দেখি একডা লোহা বিধছে। টুকরাডা বাইর করতে যাইয়া দেখি মেলা গরম। আশেপাশে চাইয়া দেহি কোনো গাড়ি-ঘোড়া নাই। পরে ওরে কোলে নিইয়া হ্ইাট্টা নীলক্ষেতে যাইয়া একটা সিএনজিতে জোর কইরা উইঠা পড়ি।"
শানু জানান, ঘটনার সময় আশেপাশে শতশত পুলিশ ছিল। কিন্তু তারা কোনো সাহায্য করেনি।
এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার সময় পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধারে এগিয়ে যায়নি এমন অভিযোগ ঠিক নয়। পুলিশ সদস্যরাই তাকে উদ্ধার করে। কিন্তু তখন ভাঙচুরের আশঙ্কায় পুলিশের গাড়িগুলো একটু দূরে রাখা ছিল।"
জাহাঙ্গীরের ভাতিজা রাসেল আহম্মেদ জানান, ঋষিপাড়া স্কুল কলোনি মাঠে দুপুর আড়াইটায় জানাজাা শেষে জাহাঙ্গীরের লাশ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার খাগুরিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে ৮ টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএইচবি/২২৪১ ঘ.
bdnews24