ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অক্টোবরে উপজেলা নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান তিনি।
ছহুল বলেন, "অক্টোবরের শেষ সপ্তাহেই একদফায় উল্লেখযোগ্য সংখ্যক উপজেলা পরিষদের নির্বাচন হবে। এলক্ষ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার জন্যে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য উপজেলার সংখ্যা নির্ধারণ করা হবে।"
জাতীয় নির্বাচনের আগে প্রথমদফায় নির্বাচনের ক্ষেত্রে দুই দিনে তা সম্পন্ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন। ব্যাপক পরিসরের নির্বাচনী কর্মকাণ্ড সামাল দিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সুবিধার্থে এই চিন্তাভাবনা করা হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, উপজেলা পরিষদ ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুটি তারিখে উপজেলা নির্বাচন করার প্রস্তাব এসেছে। আগামী ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালও অক্টোবরে উপজেলা ও ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান।
স
bdnews24