২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি মামলায় খালেদা, নিজামী, তারেক, সাকা চৌধুরীর জামিন

আলাদা কয়েকটি মামলায় মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা কয়েকটি মামলায় মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে চার মাসের জামিন দেয় বিচারপতি শরীফউদ্দিন চাকলদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ। এ মামলায় তাদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না- তা সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ছয় সপ্তাহের মধ্যে জানাতে বলেছে আাদালত। খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ শুনানিতে বলেন, "জিয়া অরফানেজ ট্রাস্ট একটি বেসরকারি প্রতিষ্ঠান। খালেদা জিয়া এই ট্রাস্টের কিছু নন। মামলার অভিযোগের সঙ্গেও তিনি জড়িত নন। তাই তাকে জামিন দেয়া যেতে পারে।" জামিনের বিরোধিতা করে দুদকের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, "দুর্নীতির গুরুতর অপরাধে খালেদা জিয়াকে জামিন দেয়া উচিত নয়।" খালেদার আরেক আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা ছাড়াও বড় পুকুরিয়া কয়লা খনি, নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলা রয়েছে। এসব মামলায়ও দু'একদিনের মধ্যে জামিনের আবেদন জানানো হবে।" একই মামলায় তারেক রহমানের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৩ জুলাই খালেদা জিয়া, তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদিকে, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে অভিযোগপত্র গ্রহণ না করা পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ। এ মামলায় কেন তাকে স্থায়ী আগাম জামিন দেয়া হবে না- আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকার ও দুদককে নির্দেশ দেয়া হয়েছে। একই বেঞ্চ দুটি চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ছয় মাসের জামিন ও একটি চুরির মামলায় চার মাসের জামিন দিয়েছে। মামলা তিনটির কার্যক্রমও স্থগিত করা হয়েছে। সাকা চৌধুরীর পক্ষে আবেদন তিনটি পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক। এছাড়া, খবরের অন্তরালে পত্রিকা সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে জামিন মঞ্জুর ও মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। দু'টি চাঁদাবাজির মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্টের একই বেঞ্চ। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের আরেকটি বেঞ্চ ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ফজলুর রহমান পটল ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির পর আইনগত প্রক্রিয়া ছাড়া কারাগারের গেট থেকে তাদের আবার গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দিয়েছে। এ চারজনের পক্ষে রিটের শুনানিতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, "সব মামলায় মওদুদ, ড. খন্দকার মোশাররফ, পটল ও এ্যানির জামিন হওয়ার পরও তাদের মুক্তি দেয়া হচ্ছে না। মুক্তি পাওয়ার পর কারাগারের গেটে আবার তারা গ্রেপ্তার হতে পারেন। এদিকে, অবৈধ সম্পদ অর্জন মামলা ও নাইকো দুর্নীতি মামলায় মওদুদকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদকের আবেদনের ওপর আগামী ২৮ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির তারিখ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ এম এ মতিনের আদালত। আয়কর ফাঁকির মামলায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের ওপরও একই তারিখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি করতে বলেছেন চেম্বার জজ। এছাড়া, প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সাবেক সাংসদ এ কে এম রহমতউল্লাহকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে। তবে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২১১২ ঘ.