২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেএমবির বোমা হামলার একটি মামলার রায় বৃহস্পতিবার

২০০৫ সালের ১৭ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলার একটি মামলার রায় হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলার একটি মামলার রায় হবে বৃহস্পতিবার। হালিশহর থানায় করা মামলার সর্বশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মো. শফিকুল করিম রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের কৌসুলি কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে এ মামলায় ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) সর্বশেষ সাক্ষী হালিশহর থানার তখনকার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহেদ আলীর সাক্ষ্য নেওয়া হয়। এ সময় মামলার তিন আসামি জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদ, জুলফিকার আলী ও আরশাদুল আলম আদালতে উপস্থিত ছিলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে বোমা হামলার অংশ হিসাবে নগরীর হালিশহর থানাধীন হাক্কানী পেট্রোল পাম্পের সামনে বোমার বিস্ফোরণ ঘটায় জামায়াতুল মুজাহিদীনের জঙ্গীরা। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ওই দিন চট্টগ্রামের আটটি স্থানে একইসঙ্গে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় হালিশহর থানা পুলিশ ছয়জনকে আসামি করে মামলা করে। মামলার অপর তিন আসামি শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং আতাউর রহমান সানির অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাদের অব্যহতি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমএসবি/২১০০ ঘ.