পটুয়াখালী, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যারা কর না দিয়ে সম্পদের পাহাড় গড়বে তাদের একদিন না একদিন ধরা পড়তেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
তিনি বলেন, "কেউ আইনের উর্ধ্বে নয়। যারা কর দেন না তাদের সম্পদ বৈধ নয়।"
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'স্বপ্রণোদিত করদাতাদের উদ্বুদ্ধকরণ' সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, "সামর্থ আছে এরকম কমপক্ষে দেড় কোটি মানুষকে কর প্রদানের আওতায় আসতে হবে। কর প্রদান করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।"
যারা দীর্ঘ দিন কর দেননি তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে কর পরিশোধের আহ্বান জানান আবদুল মজিদ।
পটুয়াখালী জেলা প্রশাসক এজিএম মীর মশিউর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল কর অঞ্চলের কমিশনার রওশন আরা আক্তার, পটুয়াখালী পৌর মেয়র আবু জাফর সামসুদ্দিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শফিকুর রহমান চান প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫২ ঘ.
bdnews24