ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি তারেক রহমানের অবস্থা আগের চেয়ে ভালো বলে মঙ্গলবার দুপুর ১২টায় এক চিকিৎসক জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ৪৮ ঘণ্টার আগে অবস্থা সম্পর্কে পুরোপুরি কিছু বলা যাচ্ছে না। এদিকে কারা কর্তৃপক্ষ বলছে, তারেক রহমান এখন ভালো আছেন।
সোমবার হাসপাতালের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক কয়েকমাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রয়েছেন।
মঙ্গলবার দুপুরে তারেককে দেখে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আর্থাস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের প্রধান কাজী মাজহারুল ইসলাম দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকালের (সোমবার) চেয়ে তারেক রহমানের শারীরিক অবস্থা খানিকটা ভালো। তবে তার মাথার ডান দিকে জখমের স্থানটি ফুলে আছে। ব্যথাও আছে। শরীরে জ্বর আছে এবং তিনি বেশ দুর্বলও।"
ডা. বলেন, "৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত রোগীর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ রাখা হয়েছে।"
চিকিৎসকরা জানান, ৪৮ ঘণ্টা পর তারেকের সিটি স্ক্যানের বিষয়ে তারা কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলবেন। স্কয়ার অথবা ইউনাইটেড হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে।
কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সকাল সাড়ে ১১টায় তারেককে দেখতে হাসপাতালে যান।
এরপর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকরা তাকে (তারেক) দেখেছেন। তিনি এখন ভালোই আছেন। আমার সঙ্গে কথা হয়েছে তার। কোনও সমস্যার কথা তিনি আমাকে বলেননি।"
তারেকের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খানও মঙ্গলবার সকালে হাসপাতালে যান। তবে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করতে পারেননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কক্ষে ঢোকার অনুমতি না পেলেও দূর থেকে দেখেছি, তিনি (তারেক) বিছানায় শুয়ে ছিলেন।"
গত বছরের ৮ মার্চ ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
অসুস্থ তারেক রহমানকে বিদেশ পাঠানোর জন্য বিএনপি দাবি জানিয়ে আসছে। তারেকের ছোট ভাই কারাবন্দি আরাফাত রহমান কোকো সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংকক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/আরএ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24