২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চাঁদাবাজি মামলায় বাদির জেরা পিছিয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় বাদির জেরা পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১ সেপ্টেম্বর জেরা নেওয়ার নতুুন দিন ধার্য করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 05:56 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় বাদির জেরা পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১ সেপ্টেম্বর জেরা নেওয়ার নতুুন দিন ধার্য করে। মঙ্গলবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ দিন ধার্য করেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের আবেদনে বলেন, এ মামলার বাদি ব্যস্ত থাকায় তার আজ আদালতে আসা সম্ভব হয় নি। এ অবস্থায় কয়েক দিনের জন্য জেরার তারিখ পিছিয়ে দেওয়া হোক। এরপর বিচারক নতুন দিন ধার্য করেন। মঙ্গলবার আদালতে আসামী শেখ ফজলুল করিম সেলিম উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৮ আগস্ট এ মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়। গত ১৫ জুন ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ দায়রা আদালত-৫ এ পাঠিয়ে দেন। এর আগ পর্যন্ত সংসদ ভবনে স্থাপিত এ বিচারকের বিশেষ এজলাসে মামলাটির বিচার কাজ চলছিল। কিন্তু ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে গত ৫ ফেব্র"য়ারি শেখ হাসিনা আদালত বদলের আবেদন করেন। মামলায় বাদি আজম চৌধুরীর জবানবন্দি বাতিলেরও আবেদন করেন হাসিনা। আদালত বদলের আবেদন মঞ্জুর করা হলেও বাদির জবানবন্দি বাতিলের আবেদন নাকচ করা হয়। এর আগে গত ৬ ফেব্র"য়ারি হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জরুরি বিধিমালায় মামলাটির অন্তর্ভুক্তি অবৈধ এবং তা বাতিল ঘোষণা করে। পরে এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১১ জুন যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। পরে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জিএনএ/১১৫০ ঘ.