ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র্যাগনার গ্রিমসনের বাংলাদেশ সফর কিছুটা পিছিয়েছে। আগামীকাল মঙ্গলবার তার ঢাকা আসার কথা থাকলেও তিনি শুক্রবার (২৯ আগস্ট) আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইসল্যান্ডের প্রেসিডেন্টের ২৬ আগস্ট ঢাকা আসার কথা থাকলেও তা পিছিয়েছে। তিনি ২৯ আগস্ট ঢাকা আসবেন এবং ১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।"
জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে যোগ দিকে বাংলাদেশে আসছেন গ্রিমসন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওহিও স্টেট ইউনিভার্সিটি, বিশ্ব আবহাওয়া সংস্থা, জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে ছয় দিনের এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বাংলাদেশ ও আইসল্যান্ডের বড় ধরনের হুমকির মধ্যে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২২১০ ঘ.
bdnews24