ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে বন্ধ হয়ে যাওয়া সাতটি ইউনিটের মাধ্যে সোমবার বিকেলে আরও একটি ইউনিট চালু হয়েছে।
বর্তমানে ৬টি ইউনিটে ৪শ ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
তবে এখনও বন্ধ রয়েছে ৩৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিএসটি (কম্বাইন্ড সাইকেল স্টিম টারবাইন) ও ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট।
গত শুক্রবার রাত ৮টায় বিদ্যুৎ কেন্দ্রের সাব ষ্টেশনের ট্রান্সফরমার বিস্ফোরণে সাতটি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধ ইউনিটগুলো চালুর চেষ্টা চলছে। আগামী তিনদিনের মধ্যে সবগুলো ইউনিট চালু হবে বলে আমরা করছি।"
তিনি জানান, বর্তমানে চালু ইউনিটগুলো হলো- ৬৪ মেগাওয়াটের ১ ও ২ নম্বর ইউনিট, ১৫০ মেগাওয় াটের ৪ ও ৫ নম্বর ইউনিট এবং ৬০ মেগাওয়াটের জিটি ১ ও জিটি ২ ইউনিট।
বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয় খতিয়ে দেখতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের মহাব্যবস্থাপক রফিকুল আলমকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা সোমবার বিকেলে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। ৭২ ঘন্টার মধ্যে কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল।
এর আগে বন্ধ হয়ে যাওয়া সাতটি ইউনিটের মধ্যে শুক্রবার রাত ১২ টা থেকে ১টার মধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম জিটি (গ্যাস টারবাইন) ১ ও ৩৫ মেগাওয়াট উৎপাদনে সক্ষম জিটি ২ ইউনিট চালু হয়। শনিবার সকাল ৯টার দিকে ১৪০ মেগাওয়াট উৎপাদনে সক্ষম ৪ নম্বর ইউনিট চালু হয়। বেলা ১টার দিকে চালু হয় ১৩৫ মেগাওয়াটের ৫ নম্বর ইউনিট।
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর গত ১৩ আগস্ট গুরুত্বপূর্ণ এ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিটের সবগুলোতে উৎপাদন শুরু হয়। স্থাপনের সময়ে এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট থাকলেও ৮টি ইউনিটের মধ্যে ৭টিরই আয়ুষ্কাল ফুরিয়ে যাওয়ায় এখন মাত্র ৫০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24