ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড দগ্ধদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য বৃহস্পতিবার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে চ্যারিটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ)।
র্যাডিসন হোটেলে সোমবার এক সংবাদ সম্মেলনে এএসএফ এর নির্বাহী পরিচালক মনিরা রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, "এসিড আক্রান্তদের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। এর চিকিৎসাও দীর্ঘমেয়াদি। এএসএফ সবার সহযোগিতায় এসিড দগ্ধদের পাশে দাঁড়াচ্ছে। তাদের সুস্থ করে পুনর্বাসনের ব্যবস্থা করছে।"
মনিরা রহমান বলেন, "২০০২ সালের তুলনায় ২০০৭ সালে এসিডে আক্রান্তের সংখ্যা কমেছে কিন্তু গত জুলাই মাসে আগের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।"
এসিড সহিংসতার শিকার পুরুষের সংখ্যাও বাড়ছে বলে জানান তিনি।
এসিড দগ্ধদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, "অনুষ্ঠানের টিকেট বিক্রি এবং অনুষ্ঠানের দিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদানের টাকা এসিড দগ্ধদের চিকিৎসা, সামাজিক পুনর্বাসন, আইনি সহায়তা ও প্রতিরোধ কার্যক্রমে ব্যয় করা হবে।"
বৃহস্পতিবারের অনুষ্ঠানে 'বাংলার মেলা'র ফ্যাশন ডিজাইনার ইমদাদ হক ও রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাসের সহযোগিতায় ফ্যাশন শো, ডিজে পেন্টাগন ও প্রিন্সের সঙ্গীত, স্মারক নিলাম ও র্যাফেল ড্র থাকবে বলে জানান মনিরা রহমান।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চ্যারিটি অনুষ্ঠান শুরু হবে। তিন হাজার টাকা দিয়ে টিকেট কিনে রাতের খাবারসহ পুরো অনুষ্ঠান উপভোগ করা যাবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন এএসএফ বল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন পারভীন মাহমুদ, র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সাবরিনা রহমান, ফ্যাশন ডিজাইনার ইমদাদ হক, কানিজ আলমাস খান, এবিএন গ্র"প অব কোম্পানির পরিচালক সৈয়দ সাদাত আহমেদ, জনতা জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিজিওনাল করপোরেট অ্যাফেয়ার্স এর প্রধান শাহ মাসুদ ইমাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/এমএইচবি/১৯৫০ ঘ.
bdnews24