ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীন আহমেদের বদলে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকেই বিএনপির নেতা মেনে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সোমবার বলেছেন, কমিশন এখন খোন্দকার দেলোয়ারকেই বিএনপির স্বীকৃত নেতা মেনে নিয়ে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
গত বছরের নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় হাফিজকে বিএনপির মহাসচিব সম্বোধন করে চিঠি দেয় ইসি। বিষয়টি আদালতে গড়ালেও চলতি বছরের এপ্রিলে হাফিজপন্থীদের সঙ্গে আলোচনায় বসে কমিশন।
রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বিষয়ে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, "বিএনপির দু'গ্র"পকে নিয়ে সংলাপের আগে কিছু জটিলতা হয়েছিল। এখন সে সময় পার হয়ে গেছে। বিএনপির চেয়ারপারসন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আলোচনার জন্য আসতে চাইলে আসতে পারবেন।"
এমনকি খোন্দকার দেলোয়ার দলের নিবন্ধনের জন্য আবেদন করলে তাও বিবেচনা করা হবে বলে জানান তিনি।
গতবছরের নভেম্বরে বিএনপির হাফিজপন্থীদের সংলাপে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গ উল্লেখ করে সিইিসি বলেন, "তখন একটি নিয়মের মধ্যে থেকেই আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপর অনেক ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি। এখন খোন্দকার দেলোয়ার সাহেব আসতে চাইলে আসতে পারেন।"
সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না মন্তব্য করে শামসুল হুদা বলেন, "আমরা সরকারকে সবসময় বলে এসেছি সবকটি রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে হবে। কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি শুধু আমাদের কাছে নয়, অন্যদের কাছেও গ্রহণযোগ্য হবে না। আমরা নির্বাচনে সবার অংশগ্রহণ চাই।"
নতুন নির্বাচনী আইন নিয়ে আলোচনার জন্য সব দলের জন্য ইসির দরজা খোলা আছে জানিয়ে তিনি বলেন, "ইতোমধ্যে জাতীয় ও উপজেলা নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ আমাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছে। তারা আমাদের কাছে সময় চেয়েছে এবং আমরা সম্মত হয়েছি। বিএনপি, জামাত ও জাপাসহ অন্য কোনো দল সময় চাইলে আমরা তাতেও সাড়া দেব।"
সংবাদ সম্মেলনে দুই নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইসসি/এসএনডি/জিএনপি/১৮১৫ ঘ.
bdnews24