ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব খোন্দকাল দেলোয়ার হোসেন বলেছেন, তাদের মুক্তি না দিলে ধাপে ধাপে কর্মসূচি দেবে চারদল।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মাথায় আঘাত পাওয়া তারেক রহমানকে দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তবে অনুমতি না পাওয়ায় বিএনপি মহাসচিব কারাবন্দি তারেকের সঙ্গে দেখা করতে পারেননি।
খোন্দকার দেলোয়ার বলেন, "খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যাপারে সরকার অতিদ্রুত কোন সিদ্ধান্ত না নিলে আমরা কর্মসূচি দেব। ধাপে ধাপে এই কর্মসূচি পালিত হবে।"
তিনি এজন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
তারেক রহমানকে দেখতে বিকেল সাড়ে তিনটায় হাসপাতালের প্রধান ফটকে আসেন বিএনপি মহাসচিব দেলোয়ার। এ সময় তিনি তারেকের সঙ্গে দেখা করার ব্যাপারে কারা উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীর সঙ্গে কথা বলেন।
এরপর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, "সুস্থ তারেক রহমানকে কারা হেফাজতে নির্যাতন করে হাড় ভেঙে ফেলা হয়েছে। তার চিকিৎসা এখানে সম্ভব নয়। চিকিৎসকরাও বেশ কবার এ বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে। অথচ সরকার এ দিকে কর্ণপাতই করছে না।"
হাসপাতালে তারেকের কোন চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে দেলোয়ার বলেন, "তারেকের ডান পায়ের মাংসপেশী শুকিয়ে গেছে। আজ (সোমবার) তিনি যে দুর্ঘটনার শিকার হয়েছেন এজন্য সরকারই দায়ী।"
তিনি অভিযোগ করেন, "অনেককেই চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। তবে গুরুতর অসুস্থ তারেকের ক্ষেত্রে তা ঘটেনি। তিনি পঙ্গুত্বের দিকেই এগিয়ে যাচ্ছেন। আমরা সরকারের এই অমানবিক আচরণের প্রতিবাদ জানাই।"
বিএনপি মহাসচিব খালেদা জিয়ার মুক্তি ও তারেককে দ্রুত বিদেশে পাঠানোর দাবিও পুনর্ব্যক্ত করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খানসহ বিএনপির কয়েকজন সাবেক সাংসদ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৭৩১ ঘ.
bdnews24