২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চসিক শ্রমিক-কর্মচারিদের আন্দোলন প্রত্যাহার

বেতন বাড়ানোসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মচারিরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন বাড়ানোসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মচারিরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভারপ্রাপ্ত মেয়র দাবি মানার ঘোষণা দিলে শ্রমিক-কর্মচারিরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে করপোরেশনের মাসিক সাধারণ সভায় অস্থায়ী শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে আন্দোলনরত শ্রমিকদের বেতন বাড়ানোর আশ্বাস দিলে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।" অপরদিকে কিছু শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন কর্মচারি পরিষদের সভাপতি কাজী আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়ার্ড কাউন্সিলররা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং পরবর্তীতে বিক্ষোভ সমাবেশস্থলে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত মেয়র দাবি পূরণের আশ্বাস দেওয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি।" চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারি সোমবার সকাল ৯টার দিকে আন্দোলনে নামেন। তারা সিটি কর্পোরেশন চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রতীক অনশন করেন। করপোরেশনে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া গাড়িচালকরা সকাল থেকে ময়লাবাহী কোনও গাড়ি চালাননি। পরিচ্ছন্নতা কর্মীরাও যোগ দেননি কাজে। সিটি কর্পোরেশনে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া শ্রমিক-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। পদোন্নতির দাবিতে আন্দোলন করছেন স্থায়ী শ্রমিক-কর্মচারিরা। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শ্রমিক প্রতিনিধি সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। করপোরেশনের গাড়িচালক আবদুল মুনাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছি। দৈনিক ১৫০ টাকা করে মজুরি দেয় আমাদের। জিনিসপত্রের যে দাম এই টাকা দিয়ে তো আর সংসার চলে না।" করপোরেশনে স্থায়ী কর্মচারিরা মাসের ১ তারিখে বেতন পেলেও অস্থায়ী শ্রমিকরা মাসের ১০ তারিখে বেতন পান। অস্থায়ী শ্রমিকরাও ১ তারিখে বেতন দেওয়ার দাবি করছেন। অস্থায়ী গাড়ি চালকরা দৈনিক ১৫০ টাকা করে মজুরি পেলেও গাড়ির সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীরা ১২০ টাকা মজুরি পান। সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীরা ১৫০ টাকা করে মজুরি দাবি করছেন। সিটি কর্পোরেশন শ্রমিক-কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি কাজী আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেতন বাড়ানোসহ চাকরি স্থায়ী করার দাবিতে যখনই আন্দোলন করি তখনই মেয়র ও কমিশনাররা বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দেন। কিন্তু তা বাস্তবায়ন করেন না।" অস্থায়ীদের চাকরি স্থায়ী করার বিষয়ে একটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "কমিটি কিছু বিষয় চূড়ান্ত করেছে। কিন্তু কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে না।" শ্রমিক বিক্ষোভের কারণে করপোরেশন কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। তবে শ্রমিক করপোরেশন চত্ত্বরের বাইরে যাননি বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/এমএসবি/১৭২৭ ঘ