ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এক কোটি টাকা চাঁদাবাজি মামলায় তারেক রহমানকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি শেখ আবদুল আওয়ালের বেঞ্চ তারেকের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
গত বছরের ৮ মার্চ গুলশানের উদয় টাওয়ারের মালিক আহম্মেদ আমিন ভূঁইয়া গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বাদি বলেন, তারেক রহমান ২০০৭ সালের ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারী করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। এ বাবদ তারেক তার কাছে এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে তিনি এক কোটি টাকা দিতে রাজি হন।
ঘটনার পর তিনি তার বন্ধু অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সবুরের সঙ্গে এক কোটি টাকার একটি ব্যাংক চেক নিয়ে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক চেক নিতে অস্বীকৃতি জানিয়ে নগদ টাকা দাবি করেন। পরে বাদির ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগি অপুর কাছে দিয়ে অসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ ছয়টি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জামিনের আবেদন দায়ের করেছেন। মঙ্গলবার এসব আবেদনের ওপর শুনানি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬৩৬ ঘ.
bdnews24