ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি ইজারা নিয়ে চুক্তিভিত্তিক চাষাবাদসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি বড় প্রতিনিধি দল আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
মিয়ানমারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্টেট পিস অ্যান্ড ডেভলপমেন্ট কাউন্সিলের (এসপিডিসি) সেকেন্ড ইন কমান্ড জেনারেল মঙ আয় এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন। গত বছর আগস্টে মঙ অয়ের বাংলাদেশ সফরের কথা থাকলেও সেদেশে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভের কারণে তা পিছিয়ে যায়।
পররাষ্ট্র সচিব শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অক্টোবরের প্রথমার্ধে মিয়ানমারের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।"
তিনি বলেন, দুদেশের মধ্যে আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে চুক্তিভিত্তিক চাষাবাদ। বাংলাদেশী উদ্যেক্তারা মিয়ানমারে জমি ইজারা নিয়ে সেখানে চাষাবাদ করতে আগ্রহী। সেখানে উৎপাদিত কৃষিপণ্য বাংলাদেশে বিক্রি করা হবে।
সচিব জানান, মিয়ানমার ৫০ হাজার একর জমি বাংলাদেশী উদ্যোক্তাদের কাছে ইজারা দিতে রাজি হয়েছে। তবে তারা শর্ত দিয়েছে, স্থানীয় চাষীদের মাধ্যমে এ চাষাবাদ চালাতে হবে। দক্ষ কর্মী পাওয়া না গেলে তবেই বাংলাদেশী কর্মীদের নিয়োগ দিতে পারবে উদ্যোক্তারা। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।
তৌহিদ হোসেন বলেন, "এ চুক্তি হলে, খাদ্য পণ্য সংগ্রহের একটি নিশ্চিত উৎস আমরা পাব।"
গত বছর এপ্রিলে পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার সফরে গিয়ে সেদেশের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করেন। মিয়ানমারের কৃষি খাতে বাংলাদেশী ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। মিয়ানমার সরকারও এতে ইতিবাচক সাড়া দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/জিএনএ/২১৩৯ ঘ.
bdnews24