ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) ভোটার নিবন্ধনের কাজ পুরোপুরি শেষ হয়েছে রোববার। তবে রাজধানীতে উর্দুভাষীদের নাম নিবন্ধনের কাজ চলতি মাসের শেষ পর্যন্ত চললেও তাদের নাম সম্পূরক তালিকায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা।
ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসিসির খসড়া ভোটার তালিকায় বাদ পড়াদের ছবি তোলা শেষ করার মধ্য দিয়ে ঢাকা মহানগরে ভোটার তালিকার কাজ পুরোপুরি শেষ হয়েছে। নিয়মানুযায়ী এখন ঢাকায় ভোটার হওয়ার আর সুযোগ নেই।
গত ২৭ জুলাই ডিসিসি'র খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ৩৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জনের নাম নিবন্ধিত ছিল। এরপর ১১ আগস্ট পর্যন্ত নতুন করে ভোটার হওয়াসহ নাম সংশোধন ও কর্তনের জন্য ১৮ হাজার ৫২৩ জন আবেদন করেন।
ইসি কর্মকর্তারা জানান, মোট আবেদনের মধ্যে ছবি তুলেছেন ১৬ হাজার ৭১৭ জন। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তাদের ছবি তোলার কার্যক্রম চলেছে।
এদিকে, ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ জানান, ঢাকার বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী ভোটারদের ছবি তোলার কাজ শুরু হবে সোমবার থেকে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ডিসিসি'র চূড়ান্ত ভোটার তালিকাসহ উর্দুভাষী ভোটারদের সম্পূরক তালিকা প্রকাশ হবে।
তিনি বলেন, "গত বুধবার থেকে আজ (রোববার) পর্যন্ত মোহাম্মদপুর ও মিরপুর এলাকার প্রায় ১২ হাজার উর্দুভাষী নিবন্ধন ফরম পূরণ করেছেন।"
মিহির সারওয়ার জানান, ঢাকাসহ দেশের ১১৬টি ক্যাম্পে প্রায় ৪০ হাজার উর্দুভাষী ভোটার রয়েছে। এদের আগস্টের মধ্যে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
উর্দুভাষীদের ভোটার করতে গত ২১ জুলাই নির্বাচন কমিশনকে আদেশ দেয় হাইকোর্ট।
ঢাকাসহ নীলফামারী, সৈয়দপুর, রংপুর, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, রাজবাড়ী, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, জামালপুরসহ ১৫টি জেলায় এ ধরনের ভোটার আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/জিএনএ/২০৩৬ ঘ.
bdnews24