ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন নতুন করে সাজাতে রোববার আরো কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনারের একটি পদে, জেলা প্রশাসকের (ডিসি) তিনটি পদে, অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পাঁচটি পদে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ১০টি পদে এদিন রদবদল আনা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপ-সচিব সৈয়দ ওয়াজেদ আলীকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. কামাল রেজা ও জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন কুষ্টিয়ার জেলা প্রশাসক নেপুর আহমেদকে যশোরে এবং মেহেপুরের জেলা প্রশাসক জিয়াউর রহমান খানকে ময়মনসিংহে বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা ডাক অধিদপ্তরের পরিচালক আমজাদ হোসেন খানকে মেহেরপুরের জেলা প্রশাসক করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্যে ফরিদপুরের এ টি এম নাসির মিয়াকে ঝালকাঠি, সাতক্ষীরার দেলোয়ার হায়দারকে বাগেরহাট, ঝালকাঠির রণজিত কুমার দাসকে ফরিদপুর এবং বাগেরহাটের মুকেশ চন্দ্র বিশ্বাসকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে। এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব মাহবুব আলমকে সুনামগঞ্জের এডিসি করা হয়েছে।
ইউএনওদের মধ্যে বান্দরবানের আলীকদমের অমল কৃষ্ণ মণ্ডলকে নেত্রকোনার বারহাট্টা এবং সিলেটের গোয়াইনঘাটের জামিল আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসাইনমেন্ট অফিসার নাহিদ সুলতানা মল্লিককে নারায়ণগঞ্জের রূপগঞ্জে, ফরিদপুরের জেনারেল সার্টিফিকেট অফিসার সাইফুল ইসলামকে ভোলার দৌলতখানে, ঢাকা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সিনিয়র সহকারী কমিশনার এ কে এম তারেককে সিলেটের গোয়াইনঘাটে, ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল মোক্তাদিরকে নোয়াখালী সদরে, ভোলার সিনিয়র সহকারী কমিশনার গোপাল চন্দ্র দাসকে কিশোরগঞ্জের মিঠামইনে এবং ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এস এম তরিকুল ইসলামকে মাগুরা সদরের ইউএনও করা হয়েছে।
একইসঙ্গে মাগুরা সদরের আব্দুন নাছের খান ও মানিকগঞ্জের ঘিওরের সুরাইয়া পারভীন সেহেলীকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে গত চারদিনে বিভাগীয় কমিশনারের একটি পদে, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের একটি পদে, জেলা প্রশাসকের ৪০টি পদে, অতিরিক্ত জেলা প্রশাসকের সাতটি পদে এবং ইউএনও'র ২১৩টি পদে রদবদল করা হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/জিএনএ/১৮৩০ ঘ.
bdnews24