চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া চালবাহী শ্রীলংকান জাহাজের প্রধান প্রকৌশলী অং খিনের লাশ (৫৬) উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নৌ বাহিনীর সদস্যরা বহির্নোঙর থেকে লাশ উদ্ধার করে পতেঙ্গা থানায় হস্তান্তর করে। পরে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কার্যালয়ের কর্মকর্তারা লাশটি প্রধান প্রকৌশলীর বলে সনাক্ত করেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি অয়েল ট্যাংকারের সঙ্গে ধাক্কায় শ্রীলংকান জাহাজ বাদুলা ভ্যালি ডুবে যায়। জাহাজটি ভারত থেকে তিন হাজার ছয়শ' টন চাল নিয়ে চট্টগ্রাম এসেছিল।
দুর্ঘটনার পরপরই জাহাজের ১৭ জন নাবিকের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছিল। প্রধান প্রকৌশলী মিয়ানমারের নাগরিক অং খিন নিখোঁজ ছিলেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীলংকান জাহাজ বাদুলা ভ্যালির প্রধান প্রকৌশলীর লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়না তদন্ত শেষে লাশ শবাগারে থাকবে। জাহাজ কর্তৃপক্ষ চাইলে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও ওসি জানান।
বন্দর রেডিও কন্ট্রোল কর্মকর্তারা জানান, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের কাজ এখনও শুরু হয়নি। জাহাজটির মালিকপক্ষ চট্টগ্রাম এসে পৌছালে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
বন্দর কর্র্তৃপক্ষের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছিলেন, জাহাজটি উদ্ধারের জন্য সিদ্ধান্ত নিতে মালিকপক্ষকে ১৫দিন সময় বেঁধে দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা জাহাজ উদ্ধারে কোন উদ্যোগ না নিলে বন্দর কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে নিজেরাই উদ্ধারের উদ্যোগ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮১০ ঘ.
bdnews24