২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশনকে দুর্নীতির তথ্য দিতে ফরম নিয়েছেন চারজন

সত্য ও জবাবদিহিতা (ট্রুথ) কমিশন থেকে এ পর্যন্ত মাত্র চারজন ফরম সংগ্রহ করেছেন। আর ১৭ জনের ফাইল এসেছে দুর্নীতি দমন কমিশন থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা (ট্রুথ) কমিশন থেকে এ পর্যন্ত মাত্র চারজন ফরম সংগ্রহ করেছেন। আর ১৭ জনের ফাইল এসেছে দুর্নীতি দমন কমিশন থেকে। কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান অবশ্য দাবি করেছেন, দুর্নীতির দায় স্বেচ্ছায় স্বীকার করতে অনেকেরই আগ্রহ রয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে যথেষ্ট আবেদন না পাওয়া গেলে সময় বাড়ানোর কথা ভাবা হতে পারে। বিচারপতি হাবিবুর রহমান বুধবার দুপুরে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "গত ৩ আগস্ট থেকে কমিশনের কার্যক্রম শুরুর পর চারজন এসেছেন বিবেকের তাড়নায়। আর ১৭ জনের ফাইল পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই ২১ জনের ফরম আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্ট জমা নেয়ার সময় শুনানির দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।" আগামী দুয়েকদিনের মধ্যে ফরম নেওয়ার পরিমাণ বাড়তে পারে আশা প্রকাশ করে তিনি বলেন, "আরো অনেকে ফরম নিয়ে জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। স্বেচ্ছায় ট্রুথ কমিশনে আবেদন করার সময় ১ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এর মধ্যে যথেষ্ট আবেদনপত্র জমা না পড়লে কমিশন সময় বাড়ানোর চিন্তা ভাবনা করতে পারে।" দুর্নীতির তথ্য গোপনকারীদের নির্ভয়ে ট্রুথ কমিশনে আসার বিষয়ে আশ্বস্ত করে চেয়ারম্যান বলেন, "এখানে যারা আসবেন না তাদের বিচার এবং তদন্তের স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে হবে। এটা আতঙ্কমুক্ত হওয়ার জায়গা। এখানে গেট থেকে গ্রেপ্তার বা হয়রানির কোনো সম্ভাবনা নেই।" এক প্রশ্নের জবাবে তিনি জনান, কোনো ব্যক্তির জমা দেওয়া তথ্য তদন্তের সুযোগ নেই কমিশনের। জমা দেওয়া তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। কমিশন সঠিক মনে করলে তা গ্রহণ করবে আর মিথ্যা মনে করলে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করবে। কমিশন সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুর রশিদ ও আসিব আলি ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। দুর্নীতির দায়ে ২ বছরের কম সাজাপ্রাপ্তদের শর্তাধীনে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে সরকার গত ৩০ জুলাই ট্রুথ কমিশন গঠন করে। বিচারপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে তিন সদস্যের এ কমিশন গত ৩ আগস্ট কাজ শুরু করে। স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর কিংবা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ এ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ নিতে পারবেন। তবে অস্ত্র, মাদক, নারী ও শিশু পাচার এবং ধর্ষণ মামলার আসামিরা কমিশনের এ সুযোগ পাবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/১৯৫৩ ঘ.