২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্ট-বিক্ষোভের একবছর, ঢাবিতে মিছিল সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্যদের হাতে ছাত্র প্রহৃত হওয়ার এক বছর পূর্তিতে বুধবার বিভিন্ন ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। ওই ঘটনার পর বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্রদের বিরুদ্ধে বিচারাধীন মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্যদের হাতে ছাত্র প্রহৃত হওয়ার এক বছর পূর্তিতে বুধবার বিভিন্ন ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। ওই ঘটনার পর বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্রদের বিরুদ্ধে বিচারাধীন মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা। দিনটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন কর্মসূচি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা দুপুরে কালো পতাকা নিয়ে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে। ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশে শেষ হয়। সেখানেই একটি সমাবেশ করে ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় শাখার সভাপতি সদ্য কারামুক্ত আজিজুল বারী হেলাল বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্যকে বানচাল করার জন্যে সামরিক শক্তি অনেক চেষ্টা করেছে। কিন্তু তা সম্ভব হয়নি।" গত আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনায় সারাদেশে দায়ের হওয়া যেসব মামলা এখনো চলছে, সেগুলো প্রত্যাহারের দাবি জানান তিনি। ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত আগস্টে প্রমাণ করেছে, তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। দেশে এখনও অনেক অন্যায় হচ্ছে। এসব প্রতিহত করার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।" এদিকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুর সোয়া বারটার দিকে মুখে কালো কাপড় বেঁধে ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানায়। ছাত্রলীগ নেতাকর্মীরা এরপর মধুর ক্যান্টিন থেকে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কলা ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে গত আগস্টের ঘটনায় গ্রেপ্তারের পর মুক্ত রফিকুল ইসলাম সুজন ও দ্বীন ইসলাম বক্তব্য রাখেন। এ দুজন ওই ঘটনায় দায়ের হওয়া একটি বিচারাধীন মামলার আসামি। সমাবেশে সুজন তাদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ছাত্রলীগের কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ভেতরেই রয়েছে সামরিক সরকার। এটি সরাসরি সামরিক সরকারের চেয়েও মারাত্মক।" জরুরি অবস্থা প্রত্যাহার করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দাবি জানান সদ্য কারাম্ক্তু এই ছাত্রনেতা। গত আগস্টের ঘটনার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা দুপুরে ডাকসুর দেয়ালে প্রতিবাদী 'করচিহ্ন' আঁকে। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গোলাম কিবরিয়া শাহীন বলেন, "১৯৭১ সালের পর গতবছরই প্রথম সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছিল। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেছে।" শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব মামলা চলছে সেগুলো প্রত্যাহার করে হয়রানি বন্ধের দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/১৯৩১ ঘ.