বগুড়া, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক এসএম আজম হত্যার দায়ে বিএনপির ১১ নেতা-কর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বগুড়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আনোয়ার হোসেন বুধবার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানাও করেছে আদালত। টাকা দিতে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে আরও দুই বছর সাজা খাটতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- বগুড়ার শেরপুরের সীমাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম অদুদ, টাকাধুকুরিয়া গ্রামের জহুরুল ইসলাম, মাসুদ, কামরুল ইসলাম কামু, আমজাদ হোসেন, মাসুদ রানা, শাহ আলম, বেতগাড়ি গ্রামের টনিক, সীমাবাড়ি গ্রামের সোহাগ, লাঙ্গল মোড়া গ্রামের আব্দুল খালেক এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোণা গ্রামের জিয়াউদ্দিন ভুট্টো ওরফে ইসরাফিল।
এদের মধ্যে শাহ আলম, রানা ও টনিক পলাতক। তারা গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের পর তাদের সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়।
মামলার বিবরণে জানা যায়, সীমাবাড়ি গ্রামের আকিম উদ্দিন শেখের ছেলে এবং জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক এসএম আজম ২০০২ সালের ২০ জুলাই দুপুরে শেরপুরের চান্দাইকোণা বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের হেফ্জখানায় আসামিদের হামলার শিকার হন। রামদা, কুড়াল, কিরিচ, ছোরার আঘাতে আজম ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত আজমের বড় ভাই আজিজুল ইসলাম মজনু ১১ জনকে আসামি করে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন।
আদালতের রায়ের পর মামলার বাদি মজনু সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "হত্যাকাণ্ডে সরাসরি যুক্তদের ফাঁসির আদেশ হলে আমি বেশি খুশি হতাম।"
অপর দিকে আসামি পক্ষের কৌঁসুলী মোজাম্মেল হক জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৯ ঘ.
bdnews24