ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নবিরোধী অভিন্ন নীতিমালা প্রণয়নের দাবিতে জাতীয় মহিলা আইনজীবী সমিতির করা রিটের শুনানি আগামী ১২ অক্টোবর হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের বেঞ্চ সোমবার এই তারিখ নির্ধারণ করে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী গত ৭ আগস্ট জনস্বার্থে এই রিট আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অবিলম্বে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে হাইকোর্ট।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, মহিলা ও শিশু সচিব, শ্রম সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
সোমবার রিটকারীর পক্ষে অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজ চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের জন্য আবেদন করলে আদালত এ তারিখ ধার্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/২১৪১ঘ.
bdnews24