২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ দিনের মধ্যে মাঠ পর্য়ায়ে রদবদল চান সচিবরা

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে সম্ভাব্য রদবদল অবিলম্বে শুরু করে ১৫ দিনের মধ্যে তা সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন সচিবরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে সম্ভাব্য রদবদল অবিলম্বে শুরু করে ১৫ দিনের মধ্যে তা সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন সচিবরা। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে সচিবরা এ অনুরোধ জানিয়েছেন বলে সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম। বৈঠক শেষে সাংবাদিকদের ফাহিম মুনয়েম বলেন, "সচিবরা আগামী ১৫ দিনের মধ্যে মাঠ পর্যায়ে রদবদল শেষ করার জন্য অনুরোধ জানান। তারা বলেছেন, এখনই বদলি করা হলে কর্মকর্তারা স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। "তারা বলেছেন, সরকারি কর্মকর্তাদের গায়ে নানা ধরনের ছাপ লাগিয়ে দেওয়া হয়। এবারও বদলির সময় যাতে সে ধরনের কোন ছাপ লাগানো না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। "সচিবরা বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু ভাবে সম্পন্ন করা আমাদের দায়িত্ব। এ বিষয়ে আমরা সর্বোচ্চ মেধা যোগ্যতা প্রয়োগ করবো।" এছাড়া সচিবরা নিয়োগ, পদোন্নতি এবং বদলি সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করার জন্য একটি কমিশন গঠনের দাবিও জানিয়েছেন বলে ফাহিম মুনয়েম জানান। মুনয়েম বলেন, "বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের মোট ১৩ জন সচিব বক্তব্য রাখেন। সচিবরা বলেছেন, প্রস্তাবিত কমিশন নিয়োগ, পদোন্নতি এবং বদলি সংক্রান্ত বিষয় দেখবে। তারা নিয়োগের বিষয়টি আরো কঠিন করার পক্ষে মত দেন"। সচিবদের দাবি উদ্বৃত করে তিনি বলেন, "মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তা আছেন যারা কেন্দ্রীয় প্রশাসনে আসতে পারে না। আবার সচিবালয়ে এমন অনেক কর্মকর্তা আছেন যারা কোন দিন মাঠ পর্যায়ে কাজ করেননি। এতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু কর্মকর্তা সচিবালয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি আবার কিছু কর্মকর্তা মাঠ প্রশাসনে কীভাবে কাজ করতে হয় সে বিষয়ে কিছুই শিখছে না। কমিশন থাকলে তারা বিষয়গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারবে।" প্রেস সচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা নিয়োগ, বদলি এবং পদোন্নতির জন্য কমিশনের পাশাপাশি অর্থ, বাণিজ্য, পরিকল্পনা, ইআরডি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পৃথক সেল গঠনের প্রস্তাবও দিয়েছেন সচিবরা। এই সেল থেকে কর্মকর্তাদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়গুলো সুচারুভাবে সম্পন্ন করতে পারেন। সচিবরা চাকরি থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধির প্রস্তাব করেছেন জানিয়ে প্রেস সচিব বলেন, "তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অবসরে যাওয়ার বয়স বাড়ানো হলে সরকার অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আরো বেশি সেবা পাবে। "তারা বলেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৬০ বছর। বাংলাদেশেও বিচারকদের অবসরের বয়স ৬৭ করা হয়েছে।" তবে অবসর গ্রহণের বয়স সম্পর্কে সচিবরা সুনির্দ্দিষ্ট কিছু বলেননি বলে মুনয়েম জানান। মুনয়েম আরো জানান, কর্মকর্তারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে এ বিষয়ে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে সে জন্য তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সচিবদের উদ্বৃত করে বলেন, "আফগানিস্তানের সরকার তাদের কর্মকর্তাদের বাংলাদেশে প্রশিক্ষণে পাঠানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র আরো উন্নততর করা দরকার।" সচিবরা দ্রুত নতুন পে'কমিশন গঠন, নতুন বেতন কাঠামো ঘোষণা এবং বাস্তবায়নের দাবি করেন। নতুন পে'কমিশনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি বিশেষভাবে দেখার অনুরোধ জানান সচিবরা। তারা অবসের শুরুতে পেনশনের শতকরা ৮০ ভাগের পরিবর্তে এক'শ ভাগ দেওয়ার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/জিএনএ/১৯২৩ ঘ.