২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার আমাকে ঠকিয়েছে: সান্টু

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতাকারী পিডিপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু অভিযোগ করেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার তাকে ঠকিয়েছে। তবে কীভাবে সরকার তাকে 'ঠকিয়েছে' তা বিস্তারিত কিছু বলেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতাকারী পিডিপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু অভিযোগ করেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার তাকে ঠকিয়েছে। তবে কীভাবে সরকার তাকে 'ঠকিয়েছে' তা বিস্তারিত কিছু বলেননি তিনি। গত ৪ আগস্ট বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) নেতা সান্টু তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে শেষ পর্যন্ত ৫৮৮ ভোটে হেরে যান আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণের কাছে। রাজনীতিতে নবাগত সত্ত্বেও ছাতা প্রতীক নিয়ে সান্টু পান ৪৬২০৮ ভোট। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সান্টু বলেন," আমার মনে হচ্ছে সরকারই আমাকে জোর করে ঠকিয়েছে।" তিনি বলেন, "নির্বাচনে আমি বেশি ভোট পেয়ে জয়ী হয়েছি। কিন্তু রাজনৈতিক দল ও নেতাদের খুশি করা বা তাদের চাপের মুখে কোন অদৃশ্য শক্তির কাছে মাথা নত হয়ে জালিয়াতির মাধ্যমে ভোটের হিসাব পরিবর্তন ও কারচুপি করে আমার প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়েছে।" ফলাফলের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে সান্টু বলেন," নির্বাচন কমিশনের আইন অনুযায়ী গেজেট না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালে যেতে পারছি না। আবার শপথ না নেওয়া পর্যন্ত হাইকোর্টেও যেতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/জিএনএ/১৬২৪ ঘ.