দিনাজপুর, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের বদরগঞ্জ এলাকায় ব্যবসায়ীকে ধাওয়া করে গুলি করার ঘটনায় শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর থানার তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের ব্যাবসায়ী শফিকুল ইসলামকে গুলি করার ঘটনায় তার স্ত্রী নুরুন নাহার বেগম শনিবার বিকেল ৪টায় পার্বতীপুর থানায় একটি মামলা (নম্বর-৮) করেছেন।
মামলায় পার্বতীপুর থানার আওতাধীন মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জোবাইদুর রহমান ও কনস্টেবল বিমল চন্দ্রকে আসামি করা হয়েছে। এর পর রাত ১০টার দিকে ওই তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি জানান, অতিরিক্ত পুলিশ সুপার নওরোজ তালুকদার তদন্ত করে একটি প্রতিবেদন পেশ করার পর এ সংক্রান্ত মামলা রেকর্ড করা হয়েছে।
গত ১৩ আগস্ট রাতে দিনাজপুর থেকে ট্রাক্টরে পেঁয়াজ নিয়ে বদরগঞ্জ ফেরার পথে শফিকুলকে গুলি করে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দারোগা হায়দার আলী। ওই সময় ট্রাক্টর চালক ও তার সহকারীকেও পেটানো হয়।
আহতরা অভিযোগ করেন, ঘুষ না দেওয়ায় ধাওয়া করে বদরগঞ্জ থানার সীমানায় ব্যবসায়ী শফিকুলকে গুলি করেন দারোগা হায়দার আলী।
ঘটনা সম্পর্কে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছিলেন, একদল ডাকাত ট্রাক্টর নিয়ে মালামালসহ পালাচ্ছে- এই সংবাদের ভিত্তিতে টহলরত ওই তিন পুলিশ সদস্য ট্রাক্টরটিকে থামার সংকেত দেয়। কিন্তু না থামায় পুলিশ বাধ্য হয়ে গুলি করে।
আহত ব্যবসায়ী শফিকুল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৭ ঘ.
bdnews24