ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা মারা যাওয়ায় সিলেটের কারাবন্দি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সোমবার সাময়িক মুক্তি পাচ্ছেন। ইতোমধ্যে তাকে কুমিল্লা কারাগার থেকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে।
মহা কারাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কামরানকে কুমিল্লা কারাগার থেকে সিলেট কারাগারে স্থানান্তর করা হচ্ছে। সোমবার সকালে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।"
রোববার দুপুরে কামরানের মা নুরুন্নেসা খানম লালন (৮০) রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সিলেট প্রতিনিধি জানিয়েছেন, নুরুন্নেসা খানম তার ছেলের নির্বাচনী প্রচারণা কাজে প্রথম থেকেই সম্পৃক্ত ছিলেন। শেষ নির্বাচনী সভায় তিনি ছেলের জন্য ভোট প্রার্থনা করে বক্তব্যও রাখেন। বন্দি অবস্থাতেই কামরান বিপুল ভোটে জিতে আবার মেয়র নির্বাচিত হন।
চার পাঁচদিন আগে শরীর খারাপ হয়ে পড়লে নুরুন্নেসাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএল/জিএনএ/১৬২০ ঘ.
bdnews24