২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট বোমা হামলা: ১৯ মামলার তদন্ত ৩ বছরেও শেষ হয়নি

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় দায়ের করা ১৫৪টি মামলার মধ্যে ১৯টির তদন্ত তিন বছরেও শেষ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় দায়ের করা ১৫৪টি মামলার মধ্যে ১৯টির তদন্ত তিন বছরেও শেষ হয়নি। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (সিআইডি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার তিন বছর হল রোববার। ২০০৫ সালের ১৭ আগস্ট থেকে ২০০৭ সালের ১২ নভেম্বর পর্যন্ত সারাদেশে জেএমবি সংক্রান্ত মোট ২৭৩টি মামলা হয়। মামলাগুলো দেখভাল করছে সিআইডি। সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় ১৫৪টি মামলা হয়। পরবর্তীকালে ২০০৭ সালের ১২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনায় ১১৯টি মামলা হয়। জেএমবি সম্পৃক্ত মোট ২৭৩টি আলোচিত এসব মামলার মধ্যে ২৪৪টির অভিযোগপত্র দেওয়া হয়েছে। বোমা হামলার সব মামলাই সিআইডি মনিটরিং করছে। " সাক্ষ্য প্রমাণ পাওয়া না যাওয়ায় চারটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "এই চারটি মামলার মধ্যে দুটি (ঢাকার ডেমরা এবং মাগুরা) ১৭ আগস্টের মামলা।" বাকি ২৫টি মামলার তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জাবেদ পাটোয়ারি। এ সব মামলার মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নয়টি, বিভিন্ন জেলার পুলিশ আটটি এবং সিআইডি আটটি মামলার তদন্ত করছে বলে জানান সিআইডি প্রধান। এর মধ্যে ১৯টি ১৭ আগস্টের মামলা। কিছু মামলার তদন্তের গতিহীনতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "জটিল প্রকৃতির বলে ২৫টি মামলার নিষ্পত্তি করতে বিলম্ব হচ্ছে। সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে এ সব মামলার চূড়ান্ত প্রতিবেদনও দেওয়া হতে পারে।" জাবেদ পাটোয়ারি জানান, ২৪৪টি মামলার অভিযাগপত্রভুক্ত আসামির মধ্যে আদালতের রায়ে ৪১ জনকে মৃত্যুদণ্ড, ৯৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে আরও ১৩২ জনের কারাদণ্ড হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয় মোট ৮১৭ জনকে। তদন্তের বিষয়ে পুলিশের তৎপরতার কোনও ঘাটতি নেই দাবি করে সিআইডি প্রধান বলেন, "বোমা হামলার মামলার অভিযোগপত্র এবং সাজার গতির গড় হার সাধারণ মামলার চেয়ে অনেক বেশি। অভিযোগপত্রের ক্ষেত্রে সাধারণ মামলার হার যেখানে ৭১ শতাংশ, বোমা হামলার মামলার ক্ষেত্রে এ হার প্রায় ৮৯ শতাংশ। একইভাবে বোমা হামলার মামলায় সাজার গড় প্রায় ৯৪ ভাগ, কিন্তু সাধারণ মামলার সাজার গড় ২১ দশমিক ৭৫ ভাগ।" দেশে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা এখন কম দাবি করে জাভেদ পাটোয়ারি বলেন, "মামলার দ্রুত নিষ্পত্তি এবং সিআইডি, র‌্যাবের সক্রিয়তার কারণে জেএমবির তৎপরতা অনেক অনেক কমে এসেছে।" জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ শীর্ষস্থানীয় ছয় জঙ্গি নেতার মৃত্যুদণ্ডাদেশ তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ২৯ মার্চ কার্যকর হয়েছে। বোমা হামলায় ঝালকাঠির বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে হত্যার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৭ আগস্টের হামলার প্রায় তিন মাস পর ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে আত্মঘাতী হামলায় মারা যান ওই দুই বিচারক। ওই সময় বোমা হামলাকারী জেএমবির 'স্যুইসাইডাল স্কোয়াডের' সদস্য ইফতেখার হাসান আল মামুন আহত অবস্থায় হাতেনাতে ধরা পড়ে। ২০০৬ সালের ২৯ মে ওই হত্যা মামলার রায়ে ঝালকাঠির আদালত শায়খ রহমান ও বাংলাভাইসহ সাত জনের ফাঁসির আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫০০ ঘ.