২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক লাঞ্ছিত, ধর্মঘট

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে রোববার অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করেছে শিক্ষানবিশ চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকালে রহিমা খাতুন (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 07:47 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

রংপুর, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে রোববার অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করেছে শিক্ষানবিশ চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকালে রহিমা খাতুন (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়। চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে অভিযোগ করে তার স্বজনরা শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসক রতনসহ এক নার্স ও ওয়ার্ডবয়কে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে দুপুর ১২টা থেকে শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘট পালন করছেন। রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে দাবি করে চিকিৎসকরা বলছেন, অন্যায়ভাবে তাদের ওপর হামলা হয়েছে। চিকিৎসক রতন সাংবাদিকদের বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে রহিমা খাতুনের মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালে ত্রাস সৃষ্টি করে। তারা আমিসহ নার্স ফেরদৌসী ও ওয়ার্ডবয় আব্দুল আজিজের ওপর হামলা চালায়। আমার মোবাইল ফোনটি ভেঙে ফেলে। ফাইলপত্র ছুড়ে ফেলে।" খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং এক জনকে গ্রেপ্তার করে। রহিমা খাতুনের লাশও তার স্বজনরা নিয়ে যায়। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশেমী সাংবাদিকদের বলেন, "ডাক্তারের ওপর হামলার অভিযোগে মৃত রহিমা খাতুনের ভাই বাদশা আলমকে গ্রেপ্তার করা হয়েছে।" পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ঘটনার পর শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনিসুল করিমের সঙ্গে দেখা করে হামলাকারী সবাইকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। এর পর দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ঘোষণা দেয় তারা। আকস্মিক ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে হাসপাতালে থাকা সহস্রাধিক রোগী। ডা. আনিসুল করিম বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। ধর্মঘটী চিকিৎসকদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪২ ঘ.