ঢাকা, ১৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে যখন বঙ্গবন্ধুকে হত্যার জন্য অভিযান চলছিল তখন সেনা সদস্যদের কামানের দুটি গোলা দিকভ্রষ্ট হয়ে মোহাম্মদপুরে এসে পড়লে ১৩ জন নিহত হয়। আহত হয় প্রায় ২৮ জন। অনেকের কাছেই অজানা সেই কাহিনী জানাচ্ছেন লিটন হায়দার।
ওই ঘটনার প্রায় ২১ বছর পর ২০০৬ সালে মোহাম্মদ আলী নামে আহতদের একজন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।
মামলা বাদী মোহাম্মদ আলি বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর বেলা ঘুমিয়ে ছিলাম। এসময় হঠাৎ বিকট শব্দ। কিছুক্ষণ পর আবার একটি শব্দ। এরপরেই শুনি চিৎকার আহাজারি। রক্তে অনেকে গড়াগড়ি খাচ্ছে। কেউ নিশ্চুপ, নিঃসাড় পড়ে আছে। কারো হাত নেই, কারো পা নেই। আমার শরীর দিয়েও রক্ত ঝরছে।"
তিনি জানান, আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করায়। আর যারা মারা যান তাদের মোহাম্মদপুর ঈদগাহসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। পরে হাসপাতালের বিছানায় জানতে পারি একই সময় বঙ্গবন্ধুকে পরিবারসুদ্ধ হত্যা করা হয়েছে।
মোহাম্মদ আলি জানান, ১৯৭৫ সালের এই ঘটনার পর কখনই মামলা করার সুযোগ হয়নি। প্রায় ২১ বছর পর সুযোগ এলে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন তিনি। সিআইডি মামলাটি তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছে।
আগামী ২৭ আগস্ট এই মামলার পরবর্তী তারিখ নির্ধারিত আছে জানিয়ে মোহাম্মদ আলী জানান, কিছুদিন আগে আদালত থেকে এই মামলার সাক্ষী হিসাবে ১২ জনের নামে সমন আসে। এই ১২ জনের মধ্যে ৮ জন ইতিমধ্যে মারা গেছেন।
তিনি জানান, গোলার আঘাতে ঘটনাস্থলেই শিশু নারীসহ ৫ জন মারা যান। একটি গরুও মারা যায়। আহতের মধ্যে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং হাসপাতাল থেকে বাসায় ফেরার কিছুদিন পর আরো ৮ জন মারা যান। প্রায় ১৫ থেকে ১৬ জন এখনো শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন নিয়ে সেই ঘটনার স্মৃতি বহন করছে। কেউ কেউ পঙ্গু হয়ে গেছেন।
ওই ঘটনায় আহত আব্দুর রবের তখন বয়স ছিল ২৪ বছর। বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার তিনি বিডিনিউজকে জানান, মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের ১৯৬ এবং ১৯৭ নম্বর বাসার মাঝখানে প্রথম গোলাটি এসে পড়ে। এর প্রায় ৫ মিনিটের মধ্যে একই রোডের ৮ এবং ৯ নম্বর বাসার মাঝখানে আরেকটি গোলা আঘাত করে।
৮ নম্বর বাসার ২০ টাকার একটি কক্ষের ভাড়াটিয়া আব্দুর রব বলেন, "প্রথম গোলাটি বিস্ফোরণের শব্দ শুনে বাসা থেকে বের হওয়ার পরপরই আরেকটি শব্দ। এরপরেই আমার শরীর দিয়ে রক্ত ঝরতে থাকে। আশেপাশের কয়েকজনের সঙ্গে আমাকেও ঠেলা গাড়িতে করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এরপর সংজ্ঞা হারিয়ে ফেলায় আর কিছু মনে নেই।"
তিনি জানান, হাসপাতালের ভর্তির প্রায় ১৫/১৬ দিন পর ডাক্তার তার মাথার ভেতর থেকে একটি লোহার টুকরা বের করে। সেই টুকরাটি বেশ কয়েক বছর যত
bdnews24