ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুধু সশস্ত্র বাহিনীর জন্য স্থাপিত স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)- এর প্রথম সিন্ডিকেট সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে মিরপুর সেনানিবাসের মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিইউপি'র উপাচার্য মেজর জেনারেল আবদুল ওয়াদুদ।
সিন্ডিকেটের প্রথম সভায় বিইউপি'র ২০০৮-০৯ অর্থ বছরের প্রাথমিক রাজস্ব বাজেট, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারির প্রাথমিক পদ মঞ্জুরি, একাডেমিক কাউন্সিল গঠন, একাডেমিক পরিকল্পনা, অর্গানোগ্রাম, অর্থ কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
উপাচার্য বলেন, "এমআইএসটি ক্যাম্পাসে পাঁচটি অনুষদ নিয়ে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। অচিরেই মিরপুর সেনানিবাসের ১০ একর এলাকায় বিইউপি'র নিজস্ব ক্যাম্পাস স্থাপন হবে।"
বিইউপি প্রতিষ্ঠার বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরে উপাচার্য জানান, ২০০১ সালের জুনে বিউপি প্রতিষ্ঠার জন্য একটি বোর্ড গঠন করে সরকার। এর পর বিভিন্ন ধাপ অতিক্রম করে বিউপি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ২০০৮ সালের ৫ জুন এ ব্যাপারে অধ্যাদেশ জারি করলে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। গত ১৩ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরি ও আনুষাঙ্গিক কাজে এক কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) অধ্যাদেশ- ২০০৮ এর মাধ্যমে চলতি বছরের ৫ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিইউপি। এটা দেশের ৩০তম পাবলিক বিশ্ববিদ্যালয়। স্বতন্ত্র এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নয়টি উচ্চ শিক্ষা কলেজ, ইন্সটিটিউট ও একাডেমি।"
প্রথম সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন
bdnews24