২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দুই বিচারকের আদালত বর্জন আইনজীবীদের

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে বুধবার থেকে নোয়াখালীর দুই বিচারকের আদালত বর্জন শুরু করছেন আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 09:46 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

নোয়াখালী, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে বুধবার থেকে নোয়াখালীর দুই বিচারকের আদালত বর্জন শুরু করছেন আইনজীবীরা। প্রথম যুগ্ম জেলা জজ সৈয়দ আজাদ সুবহানী এবং দ্বিতীয় যুগ্ম জেলা জজ এমএ আউয়াল সরকারকে অপসারণ না করা পর্যন্ত তাদের আদালত বর্জন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, "ওই দুই বিচারক দীর্ঘদিন ধরে বিচার কাজ পরিচালনায় দুর্নীতি ও আইনজীবীদের সঙ্গে অসদাচরণ করে আসছিলেন। জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের জানিয়েও কোনও প্রতিকার না হওয়ায় আমরা আদালত বর্জনের কর্মসূচি পালন করছি।" অ্যাডভোকেট আব্দুর রহমান অভিযোগ করেন, "দুই বিচারকের দুর্নীতির কারণে অনেক মামলাতেই সুবিচার পাওয়া যাচ্ছে না।" গত ৭ এপ্রিল জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় ওই দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে জানানোর সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪১ ঘ.