২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে সাতক্ষীরা ও পিরোজপুরে দুজনের মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে সাতক্ষীরায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন এবং পিরোজপুরে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে সাতক্ষীরায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন এবং পিরোজপুরে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আমাদের প্রতিনিধির পাঠানো খবর- সাতক্ষীরা: যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে সদর উপজেলার পলাশপোল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমাদুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছে। মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোতাজিদুর রহমান সোমবার এ রায় দেন। ২০০২ সালের ১৮ জুলাই সকালে ইমাদুল যৌতুক নিয়ে ঝগড়ার জের ধরে স্ত্রী রেশমাকে মারধর করে এবং তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। রেশমা আগুনে পুড়ে মারা যান। পরদিন ১৯ জুলাই রেশমার বাবা মধুমল্যার ডাঙ্গী এলাকার আব্দুর রাজ্জাক সদর থানায় ইমাদুলসহ ৫ জনকে আসামি করে একটি মামলা করেন। সদর থানার উপ-পরিদর্শক ফৌজিয়া সুলতানা তদন্তশেষে সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় ১২ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। স্ত্রী হত্যার দায়ে আরেকটি মামলায় সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে নাজমুল হোসেনকে (২৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডিত নাজমুল এখন জেল হাজতে রয়েছে। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস এ রায় দেন। ২০০৬ সালের ২৩ মে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নাজমুল বটি দিয়ে কুপিয়ে শাহানারাকে (২১) মারাত্মক জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহানারা মারা যায়। এ ঘটনার পরদিন ২৪ মে শাহানারার বাবা এরশাদ মোড়ল সদর থানায় নাজমুলকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সদর থানার উপ-পরিদর্শক খাদিজা বেগম তদন্ত শেষে ২০০৬ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দেন। এই মামলায় ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। পিরোজপুর: স্ত্রী হত্যার দায়ে শহীদুল ইসলাম ওরফে ধলু নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মদিনা বেগম এ রায় দেন। শহীদুল বর্তমানে পলাতক। তার বাড়ি বাগেরহাটের শরণখোলা এবং মাসুমার বাড়ি জিয়ানগর উপজেলার উমেদপুর গ্রামে। শহীদুল ইসলাম ও তার স্ত্রী মাসুমা বেগম (২৪) জিয়ানগর উপজেলার পাড়ের হাট মৎস্য বন্দরে একটি ভাড়া বাসায় থাকতেন। ২০০৫ সালের ৩ এপ্রিল রাত ১১টার দিকে শহীদুল চিৎকার করে এলাকাবাসীকে বলে তার স্ত্রীর কি যেন হয়েছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পরদিন মাসুমার বাবা মোসলেম মিয়া এসে মেয়ের লাশ দেখতে পান ঘরের ভেতর ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায়। ওইদিনই মোসলেম মিয়া জিয়ানগর থানায় শহীদুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে শহীদুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন জিয়ানগর থানার উপপরিদর্শক নিজাম উদ্দিন আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৫ ঘ.