চট্টগ্রাম, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর আসাদগঞ্জে রোববার সকালে ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ছিনতাইকারী নিহত হয়েছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসাদগঞ্জের ছোবহানিয়া আলীয়া মাদ্রাসার সামনে সকাল সাড়ে ৯টার দিকে আনুমানিক ২৪ বছর বয়সের এক যুবক একজন পথচারীর কাছ থেকে জিনিসপত্র ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পথচারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত ছিনতাইকারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24