ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় রোববার ভোরে তিন জন অ্যাসিডদগ্ধ হয়েছেন। সন্ত্রাসীরা তাদের লক্ষ করে অ্যাসিড ছোড়ে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে কাজী আলাউদ্দিন রোডের একটি বাড়িতে ওই অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।
এসিডদগ্ধরা হচ্ছেন, হাবিুল্লাহ (২৫),আবুল বাশার (২৬) এবং হানিফ মোল্লা (২৫)।
এদের মধ্যে হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানায়।
হাবিবুল্লাহ এক জন গ্রাফিকস ডিজাইনার। অপর দুজন তার বন্ধূ এবং ব্যবসায়ী। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, "হাবিবুল্লাহ ও তার দুই বন্ধু ওই বাড়ির তিন তলার একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে কে বা কারা জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারলে হাবিবুল্লাহ'র গলা, বুক ও পেট ঝলসে যায়। অন্য দুজনেরও হাতে অ্যাসিড লাগে।"
এ ঘটনার কারণ এবং দোষীদের খুঁজতে তদন্ত চলছে বলে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮১৫ ঘ.
bdnews24