২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ৫ কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত, ১২টি মামলা

ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঁচ কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্ত-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছাড়াও বিভিন্ন থানায় মামলাও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঁচ কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্ত-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছাড়াও বিভিন্ন থানায় মামলাও করা হয়েছে। এছাড়াও একই ধরনের অভিযোগে আরও সাত কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কমিশন। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে কমিশন থেকে জানানো হয়েছিল, দুদকের অভ্যন্তরীণ অনুসন্ধানে ২৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। হানিফ ইকবাল জানান, সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুদকের সহকারি পরিদর্শক মো. নিজাম উদ্দিন, ভুয়া অভিযোগ তৈরি করে চাঁদা আদায় এবং হয়রানির অভিযোগে কন্ট্রোল অপারেটর মো. আব্দুর রহমান, ঘুষ গ্রহণের অভিযোগে কনস্টেবল মো. হারুন-অর-রশীদ ভুঁইয়া, ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে কনস্টবল মো. আব্দুল মোতালেব খন্দকার ও মীর রেজা হাবিবুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার পাশাপাশি বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তিনি আরও জানান, অশালীন ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে উপ-পরিচালক মো. কামরুল আহসান, কতৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশে অবস্থানের জন্য সহকারী পরিচালক সাইফ মাহমুদ, ব্যক্তিগত নথি থেকে নোটশিট গায়েব করার অভিযোগে সহকারি পরিচালক মো. শামসুল আলম, সার্ভিসবহি ও অফিসের ডকুমেন্ট অপসারণের অভিযোগে অফিস সহকারি সায়েক আহমেদ, দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে কনস্টবল মো. মিজানুর রহমান, মো. গোলাম রসুল ও কন্ট্রোল অপারেটর মো. হাবিবুল্লাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৯৩৩ ঘ.