২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে শ্রম শোষণের দুই অস্ত্র পাসপোর্ট ও ভাষা

চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পৌঁছানোর পর অনেক চাকরিদাতাই বিভিন্ন অজুহাতে সংশ্লিষ্ট শ্রমিকের পার্সপোর্টটি নিয়ে নেন। এরপর আরবি ভাষায় লেখা চুক্তিপত্রে সই করিয়ে শুরু হয় মজুরি নিয়ে প্রতারণা। এভাবেই বিদেশ -বিভূঁইয়ে বাংলাদেশী শ্রমিকদের বঞ্চনার জীবন শুরু। সাবেক কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 12:53 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি এজেন্টদের মাধ্যমে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পৌঁছানোর পর প্রাথমিকভাবে ভালো ব্যবহারই পান বাংলাদেশী শ্রমিকরা। কিন্তু এরপর বিভিন্ন অজুহাতে সংশ্লিষ্ট শ্রমিকের পার্সপোর্টটি নিয়ে নেন কোনো কোনো চাকরিদাতা। আরবি ভাষায় লেখা চুক্তিপত্রে সই করিয়ে নিয়ে মজুরি নিয়েও প্রতারণা শুরু হয়। আর এভাবেই বিদেশ-বিভূঁইয়ে গরীব ও স্বল্প শিক্ষিত বাংলাদেশী শ্রমিকদের বঞ্চনার জীবন শুরু হয়। প্রায় ৭ বছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমিন আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়োগদাতা ও রিক্রুটিং এজেন্টদের দালালরা সাধারণত পরিচয়পত্র ও মেডিকেল কার্ড তৈরির কথা বলে শুরুতেই শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেয়। তার ভাষায়, "এর মাধ্যমেই শোষণের শুরু হয়।" আমিন আহমদ চৌধুরী বলেন, "এরপর আরবিতে লেখা একটি অঙ্গীকারপত্রে শ্রমিকের সই নেওয়া হয়। বাংলাদেশ থেকে যে বেতনের কথা জেনে ওই শ্রমিক মধ্যপ্রাচ্যে গেছেন, ওই অঙ্গীকারনামায় তার চেয়ে অনেক কম বেতনের কথা লেখা থাকে।" আর এরপর ওই গরীব ও স্বল্পশিক্ষিত শ্রমিকটি কার্যত নিয়োগকর্তার দাসে পরিণত হন। কাতারে বাংলাদেশের সাবেক কূটনীতিক ও সার্কের সাবেক মহাসচিব কিউ এ এম এ রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো বিদেশি শ্রমিক পাসপোর্টবিহীন অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লে তাকে কারাগারে পাঠানো হয়। কাজেই প্রতিশ্র"তির চেয়ে অনেক কম মজুরি পেলেও পাসপোর্ট হাতে না থাকায় নিয়োগকর্তার বিরুদ্ধে কিছুই করার থাকে না এসব শ্রমিকের। তার মতে, এই শোষণ ও নিপীড়নের মূলে রয়েছে দুর্নীতিগ্রস্ত রিক্রুটিং এজেন্টরা। রহিম বলেন, "রিক্রুটিং এজেন্টদের দুর্নীতি বন্ধ করা না গেলে বিদেশের মাটিতে বাংলাদেশী শ্রমিকদের শোষিত হওয়াও ঠেকানো যাবে না।" কুয়েতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাঈদ আহমেদ বলেন, "রিক্রুটিং এজেন্টরা দক্ষ শ্রমিক পাঠানোর নাম করে অদক্ষ বা স্বল্প দক্ষ শ্রমিকদের টাকার বিনিময়ে বিদেশে পাঠাচ্ছে। আর কাজ সম্পর্কে ধারণা না থাকায় এসব শ্রমিক বিদেশে গিয়ে বিপদে পড়ছে।" তিনি বলেন, পাসপোর্ট হাতে থাকলে বিদেশে বাংলাদেশী শ্রমিকদের এতটা হয়রানির মধ্যে পড়তে হয় না। চাকরিদাতারা যাতে তাদের পাসপোর্ট নিয়ে নিতে না পারে সেজন্য বাংলাদেশ সরকারকেই উদ্যোগ নিতে হবে। ইরাক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কূটনীতিকের দায়িত্ব পালনকারী এম শফিউল্লাহর মতে, নিজেদের অজ্ঞতার কারণেও মধ্যপ্রাচ্যে গিয়ে শোষণের শিকার হন শ্রমিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে কর্মীদের অধিকাংশই কিছু জানেন না। সব কিছু ঠিকমত না জেনেই তারা আরবিতে লেখা চুক্তিপত্রে সই করেন।" শফিউল্লাহ বলেন, "আমরা কম মজুরি নিয়ে চ্যালেঞ্জ করলে নিয়োগদাতারা শ্রমিকদের সই করা কাগজপত্র দেখিয়ে দেয়। কাজেই এ সমস্যা সমাধানে দূতাবাস বা সরকারের তেমন কিছু করার নেই।" তবে শ্রমিক শোষণের ব্যাপারে রিক্রুটিং এজেন্টদের বিরুদ্ধে এ অভিযোগ মানতে রাজি নন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্টস (বায়রা) এর সভাপতি গোলাম মোস্তফা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শ্রমিক শোষণের জন্য আমাদের দায়ী করা হচ্ছে। এটা পুরোপুরি ভুল।" তিনি দাবি করেন, দক্ষ শ্রমিকের নামে অদক্ষ শ্রমিক পাঠানোর ঘটনা ঘটে থাকলেও সংখ্যায় তা খুবই কম। গোলাম মোস্তফা বলেন, "অনেক সময় শ্রমিকরা না জানিয়েই কাজ ছেড়ে দেয়। এজন্যই নিয়োগদাতারা শ্রমিকদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেয়।" তিনি অভিযোগ করেন, শ্রমিক কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখা এবং শোষণের অভিযোগ থাকলে তা সরকারকে জানানো দূতাবাসের কর্মকর্তাদের দায়িত্ব হলেও তারা সবসময় তা করেন না। এসব বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সরকার এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করছে। কেউ দোষী প্রমাণিত হলে সরকার ব্যবস্থা নেবে।" প্রচলিত ব্যবস্থায় বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে রিক্রুটিং এজেন্টরা। নিয়োগদাতা কোম্পানির কাছে থেকে চাহিদাপত্র পাওয়ার পর তারা শ্রমিকদের মজুরির বিষয়টি জানায়। সরকার মজুরি ও অন্যান্য সুবিধার বিষয়গুলো অনুমোদন করলে রিক্রুটিং এজেন্টরা শ্রমিকদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে। সংশ্লিষ্ট দেশের নিয়োগদাতা প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী মজুরি দিচ্ছে কি না তা দেখভাল করার কথা ওই দেশে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জেকে/