২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচন জরুরি অবস্থার মধ্যেই হবে: ইকবাল

জরুরি অবস্থার মধ্যেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 06:38 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈঠককালে জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে পর্যবেক্ষক দল না পাঠানোর মনোভাব ব্যক্ত করেছে। এ ব্যাপারে সরকারের মনোভাব কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আশা করছি ইইউ এ বিষয়ে তাদের মনোভাব পরিবর্তন করবে। তাদের সঙ্গে আলোচনা চলছে। তাদেরকে বোঝানো হচ্ছে। আশা করছি, ধীরে ধীরে সব কিছুর সমাধান হয়ে যাবে।" উপদেষ্টা সিটি ও পৌর নির্বাচনের কথা তুলে ধরে তিনি আরো বলেন, "জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অত্যন্ত ভালো হয়েছে এবং দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। সকল রাজনৈতিক দল এ ফলাফল মেনে নিয়েছে। দেখেন না কি হয়।" জরুরি অবস্থা রেখেই নির্বাচন হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আমরা তো বরাবরই বলছি, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হয়েছে। কে কি বলল তা বড় কথা নয়। গত ৪ আগস্টের নির্বাচনে কোন প্রার্থী তো আনুষ্ঠানিক ভাবে বলেনি, জরুরি অবস্থা থাকায় কোনো অসুবিধা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন সংলাপে বসেছিলাম তখনও তাদেরকে বলেছি কোথায় কি সমস্যা আছে সেটা বলেন, আমরা শিথিল করে দেব। কিন্তু সেরকম কিছু তো আসেনি।" তাহলে কি জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হচ্ছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবশ্যই। তবে জরুরি অবস্থা যতটুকু প্রয়োজন ততটুকু শিথিল করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১২৩০ ঘ.