ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দু'টি গুরুত্বপূর্ণ পদে আরো দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া যুগ্ম-সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে বুধবার এসব রদবদল ও পদায়ন করা হয়।
সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মোস্তফা আহমেদ সাকেবকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। অপর সেনা কর্মকর্তা কর্নেল কাজী ফখরুদ্দীন আহমেদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব সিরাজুল ইসলামকে 'সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড এক্সেস এনহ্যান্সমেন্ট' প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (যুগ্ম-সচিব) দিদারুল আহসানকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব (এপিডি) আতাউল হক মোল্লাকে কৃষি মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব ড. এম আসলাম আলমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লুৎফর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমএইচবি/২০১৮ ঘ.
bdnews24