ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --সফররত ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নির্জ দেভা নির্বাচনের সময় জরুরি অবস্থা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন। (বিস্তারিত)
বুধবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর নির্জ দেভা অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "যে দেশে জরুরি অবস্থা থাকে সেখানে আমাদের নির্বাচন পর্যবেক্ষক যায় না। এজন্য আমরা চাইবো জরুরি অবস্থা প্রত্যাহার করা হোক।"
জিল্লুর রহমানের গুলশানের বাসায় নির্জ দেভা তার সঙ্গে সাক্ষাত করেন। দুপুর দুইটা থেকে প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং শেখ হাসিনার বিশেষ সহকারী ড.হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
নির্জ দেভা ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশীয় বিষয়ক প্রতিনিধিদলের ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি উন্নয়ন বিষয়ক কমিটি এবং এসিপি-ইউ যৌথ পার্লামেন্টারি অ্যাসেম্বলির প্রতিনিধিদলের সদস্য।
অন্যদিকে, সৈয়দ আশরাফুল ইসলাম জরুরি অবস্থার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, "এই নির্বাচনে জরুরি অবস্থায় অংশ নিয়েছি। জরুরি অবস্থায় আমরা সাধারণ নির্বাচনে অংশ নেবো না।"
সাংবাদিকদের নির্জ দেভা জানান, ইতিমধ্যেই সেনা প্রধান, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাত হয়েছে এবং আরও অনেকের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম জরুরি অবস্থার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। নির্জ দেভা চলে যাওয়ার পর সাংবাদিকদের আশরাফ বলেন, "এই নির্বাচনে জরুরি অবস্থায় অংশ নিয়েছি। জরুরি অবস্থায় আমরা সাধারণ নির্বাচনে অংশ নেবো না। শুধু দেশে নয়, বিশ্ববাসীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে।"
আশরাফুল ইসলাম এসময় অভিযোগ করেন, বিএনপি'র মহাসচিব বিভিন্ন 'উস্কানিমূলক' বক্তব্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।
সাংবাদিকদের সামনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে সফররত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জানান তার সঙ্গে সেনা প্রধান, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাত হয়েছে এবং আরও অনেকের সঙ্গে দেখা করার কথা।
নির্জ দেভা বলেন, "আমরা বাংলাদেশের বন্ধু। আমরা বাংলাদেশের জনগণকে সাহায্য করতে চাই।"
তিনি বলেন, "প্রধান নির্বাচন কমিশনার আমাকে জানিয়েছেন- আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নির্বাচন হবে। এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
সদ্য অনুষ্ঠিত সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্য থেকে নির্বাচিত রক্ষণশীল একটি দলের এ এমপি বলেন, "এই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে - এজন্য আমি খুুশি। প্রদত্ত ভোটের হার ভালো ছিলো। দৃশ্যত নির্বাচন ভালো হয়েছে।"
নির্জ দেভা চলে যাওয়ার পর সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমাদের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"
জরুরি অবস্থার মধ্যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলে তিনি বলেন, "জরুরি অবস্থায় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইউরোপীয় ইউনিয়নভূক্ত কোনো দেশই জরুরি অবস্থার মধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করবে না।"
বিএনপি'র মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যের সমালোচনা করে আশরাফ বলেন, "তারা বলেছেন, আঁতাতের নির্বাচন। তারাও তো এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের উচিত ছিলো ফলাফল মেনে নেওয়া। এসব বক্তব্যে সাধারণ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।"
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, আগামী সপ্তাহের মধ্যে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে তৃতীয় দফা সংলাপের জন্য আওয়ামী লীগ চিঠি দেবে। তিনি বলেন, তৃতীয় দফা সংলাপে মূলত প্রাতিষ্ঠানিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। উচ্চ আদালত, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ নির্দলীয় করা যায় তা হবে অন্যতম আলোচ্য।
আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আশরাফ বলেন, " টেস্ট কেস হয়েছে। এখন ভুলত্র"টি সংশোধন করে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৮০৫ঘ.
bdnews24